প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৬ , ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ
নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শেপার একাডেমি ও স্টিল পিয়ারের যৌথ উদ্যোগে স্টিল পিয়ার ডে। ২৬ আগস্ট, বুধবার, আনন্দ-উচ্ছ্বাসে দিনটি উপভোগ করেন শেপার একাডেমির সদস্য, শুভানুধ্যায়ী ও তাদের পরিবারের সদস্যরা। আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের গর্জন, নীল আকাশ আর রোমাঞ্চকর সব রাইডের সঙ্গে শিশু-কিশোরদের উচ্ছ্বাস- সব মিলিয়ে আটলান্টিক সিটির ঐতিহ্যবাহী স্টিল পিয়ারে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। পরিবার-পরিজন নিয়ে দিনটি উপভোগ করতে ছুটে আসেন অনেকে।
দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শেপার একাডেমি পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের জন্য ছিল বিশেষ আয়োজন। বিনামূল্যে স্টিল পিয়ার অ্যামিউজমেন্ট পার্কের বিভিন্ন রাইড উপভোগের সুযোগ পেয়ে আনন্দে মেতে ওঠেন শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ।
আটলান্টিক কাউন্টির শেরিফ, সিটির কাউন্সিলর, কাউন্সিলর এট লারজ সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
তীব্র রোমাঞ্চের রাইড, মহাসাগরের মনোরম পরিবেশ আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। অনেকের কাছে এটি ছিল ব্যস্ত জীবনের ফাঁকে পরিবার ও কমিউনিটির সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর সুযোগ।
স্টিল পিয়ার ডে শুধু বিনোদনের আয়োজন নয়; এটি শেপার একাডেমির সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির মানুষদের একত্রিত হওয়ারও একটি সুন্দর উপলক্ষ। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে এই ধরনের আয়োজন।
শিশু-কিশোরদের হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো স্টিল পিয়ার। রোমাঞ্চকর রাইড আর আনন্দের স্মৃতি সঙ্গে নিয়ে উল্লাসে মেতে বাড়ি ফেরেন অংশগ্রহণকারীরা।