প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ , ০৫:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
মানুষ জন্মগতভাবে শুধু শরীরের নয়, চেতনারও এক যাত্রী। সে খাদ্য দিয়ে শরীর টিকিয়ে রাখে, কিন্তু সত্য দিয়ে আত্মাকে। সভ্যতার দীর্ঘ ইতিহাসে যত উন্নতি, যত বিপর্যয়, তার কেন্দ্রবিন্দুতে দেখা যায় একটি সূক্ষ্ম অথচ নির্ণায়ক উপাদান: মানুষ সত্যকে কতখানি ধারণ করেছে। মিথ্যা কখনো সভ্যতার বাহ্যিক স্থাপত্য গড়তে পারে, কিন্তু সৎ ও সত্যবাদিতা ছাড়া কোনো সমাজের নৈতিক ভিত্তি দাঁড়িয়ে থাকতে পারে না।
তাত্ত্বিকভাবে সত্য (truth) হলো বাস্তবতার সঙ্গে চিন্তার সামঞ্জস্য। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, “যা আছে তাকে আছে বলা এবং যা নেই তাকে নেই বলা এইটিই সত্য।” অর্থাৎ সত্য কোনো মতামত নয়, সত্য হলো বাস্তবের প্রতি বুদ্ধিবৃত্তিক আনুগত্য। সৎ (honesty) তার ব্যবহারিক রূপ—অন্তর ও আচরণের মিলন। একজন মানুষ বাস্তব জানলেও যদি তা বিকৃত করে, সে জ্ঞানী হতে পারে কিন্তু সৎ নয়। সৎ হওয়া মানে শুধু মিথ্যা না বলা নয় বরং স্বার্থের বিরুদ্ধে হলেও সত্যের পক্ষে দাঁড়ানো।
মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা যায়, মিথ্যা বলা মানুষের মস্তিষ্কে একধরনের “কগনিটিভ লোড” সৃষ্টি করে। সত্য স্মৃতি থেকে আসে, কিন্তু মিথ্যা তৈরি করতে হয়। ফলে মিথ্যাবাদীকে একই সঙ্গে বাস্তব ঘটনাও মনে রাখতে হয়, আবার তৈরি করা গল্পও মনে রাখতে হয়। নিউরোসাইকোলজির গবেষণায় দেখা গেছে, মিথ্যা বলার সময় 'প্রিফ্রন্টাল কর্টেক্স' বেশি সক্রিয় হয়। কারণ মস্তিষ্ককে তখন কল্পনা, নিয়ন্ত্রণ ও আত্মগোপন এই তিনটি কাজ একসাথে করতে হয়। তাই দীর্ঘদিন মিথ্যা বলার অভ্যাস মানুষের মধ্যে উদ্বেগ, মানসিক ক্লান্তি এবং সন্দেহপ্রবণতা তৈরি করে। সে অন্যদেরও বিশ্বাস করতে পারে না, কারণ সে নিজের ভেতরেই অবিশ্বাস বহন করে।
এখানে এক গভীর মানবিক সত্য আছে। বিশ্বাসই মানুষের মানসিক নিরাপত্তা। শিশু যখন মায়ের মুখের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হয়, তখন সে যুক্তি দিয়ে নয়, বিশ্বাস দিয়ে বাঁচে। সমাজও একইভাবে চলে। অর্থনীতি, বিচারব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা সবকিছুর ভিত্তি বিশ্বাস। যদি ব্যবসায়ী পণ্যের মান সম্পর্কে সত্য না বলে, যদি সাক্ষী আদালতে সত্য না বলে, যদি শিক্ষক জ্ঞান বিকৃত করে, তবে সভ্যতা বাহ্যিকভাবে চললেও ভেতরে ভেঙে পড়ে। আধুনিক অর্থনীতির অন্যতম ধারণা “social trust” বা সামাজিক বিশ্বাস প্রমাণ করে যে যেসব সমাজে সততা বেশি, সেসব সমাজে উন্নয়ন, স্থিতিশীলতা ও সুখানুভূতি বেশি।
দার্শনিক ইমানুয়েল কান্ট সত্যবাদিতাকে নৈতিকতার কেন্দ্রস্থলে স্থাপন করেছিলেন। তাঁর মতে, সত্য বলা কোনো কৌশলগত সিদ্ধান্ত নয়। এটি একটি নৈতিক কর্তব্য (moral duty)। কারণ মানুষকে কখনোই শুধু উপায় (means) হিসেবে ব্যবহার করা যাবে না। মিথ্যা বলা মানে অন্যের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে নষ্ট করা। তুমি যদি কাউকে ভুল তথ্য দাও, তুমি আসলে তার বিবেককে প্রতারণা করছো।
বৈজ্ঞানিকভাবে সততা মানুষের শরীরের ওপরও প্রভাব ফেলে। কিছু আচরণগত গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মিথ্যা কম বলে তাদের মানসিক চাপ কম থাকে, এমনকি মাথাব্যথা, অনিদ্রা ও উদ্বেগের হারও কমে। কারণ মিথ্যা ধরে রাখার জন্য মস্তিষ্ককে ক্রমাগত সতর্ক থাকতে হয়। সত্য বলার মানুষকে মনে রাখতে হয় না সে কী বলেছিল। মিথ্যাবাদীকে সবসময় মনে রাখতে হয় সে কোথায় কী বানিয়েছিল।
এবার ইসলামিক দৃষ্টিতে আসা যাক। ইসলামে সত্যবাদিতা শুধু নৈতিক গুণ নয়, ঈমানের লক্ষণ। কুরআনে বলা হয়েছে: “হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক।” (সূরা তাওবা ৯:১১৯)। এখানে শুধু সত্য বলা নয়, সত্যবাদী মানুষের সঙ্গকেও ঈমানের অংশ করা হয়েছে। অর্থাৎ সত্য একটি আধ্যাত্মিক পরিবেশ।
রাসূলুল্লাহ স: বলেছেন, “সত্য নেকীর দিকে নিয়ে যায়, নেকী জান্নাতে নিয়ে যায়। আর মানুষ সত্য বলতে বলতে আল্লাহর কাছে সিদ্দীক হিসেবে লিখিত হয়। আর মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়।” এই হাদীসের গভীরতা হলো: সত্য একটি অভ্যাস। অভ্যাস থেকে চরিত্র আর চরিত্র থেকে পরিণতি। সত্যবাদিতা কেবল একটি কাজ নয়, এটি মানুষের পরিচয় গড়ে দেয়।
ইসলামে নবী মুহাম্মদ স: নবুয়তের আগেই 'আল আমিন' নামে পরিচিত ছিলেন। অর্থাৎ সত্যবাদিতা ও বিশ্বস্ততা ছিল তাঁর সামাজিক পরিচয়। লক্ষণীয় বিষয়: মানুষ তাঁর দাওয়াত গ্রহণ করার আগেই তাঁর চরিত্র গ্রহণ করেছিল। অর্থাৎ সত্যবাদিতা দাওয়াতের আগে বিশ্বাসযোগ্যতা তৈরি করে।
আধ্যাত্মিকভাবে মিথ্যা মানুষের অন্তরকে অন্ধ করে। মিথ্যা প্রথমে অন্যকে প্রতারিত করে, পরে নিজের বিবেককে। বারবার মিথ্যা বললে মানুষ নিজের কাছেও সত্য লুকাতে শুরু করে।এটাই আত্মপ্রবঞ্চনা। তখন সে ভুলকে ভুল মনে করে না। কুরআনে বলা হয়েছে, “তাদের অন্তরে রোগ আছে, আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দেন।” এই রোগ মূলত নৈতিক অনুভূতির অসাড়তা।
সৎ ও সত্যবাদিতা তাই কেবল সামাজিক নীতি এবং আত্মার সুস্থতা। সত্য মানুষকে ভেতরে হালকা করে, মিথ্যা ভারী করে। সত্যের মানুষ নিঃসঙ্গ হলেও শান্ত। মিথ্যার মানুষ ভিড়ের মধ্যেও আতঙ্কিত। কারণ সত্যের সবচেয়ে বড় পুরস্কার বাহ্যিক সাফল্য এবং অন্তরের প্রশান্তি।
শেষ পর্যন্ত সত্যবাদিতা হলো মানুষের নিজের সঙ্গে চুক্তি। পৃথিবীকে ফাঁকি দেওয়া যায়, মানুষকে প্রতারিত করা যায়, কিন্তু নিজের বিবেককে নয়। রাতের নীরবতায় যখন কোনো মানুষ একা থাকে। তার বিচারক তখন সমাজ নয়, আইন নয়, বরং তার নিজের অন্তর। সেই অন্তরের সামনে নির্ভয়ে দাঁড়াতে পারার নামই সৎ জীবন। আর সেই মানুষই প্রকৃত মুক্ত। কারণ সত্যই একমাত্র শক্তি যা মানুষকে মানুষ করে।