ঢাকা অফিস: পুঁজিবাজারে আস্থার সংকটে লেনদেনে ভাটা পড়েছে। সোমবার নয়মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের পর মঙ্গলবার দুপুর পর্যন্ত লেনদেনের পরিমাণ অনেক কম। সপ্তাহের তৃতীয়দিনে বাজার শুরুতে ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন হয়। যা মুহুর্তের মধ্যে নিম্নমুখী ধারায় ফেরে। বাজার সূচকের ব্যাপক ওঠানামা চলছে। তবে ওঠানামার পার্থক্য সীমিত। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার শুরুর প্রথম ১০ মিনিটে ৩৯ পয়েন্ট বাড়ে। এরপর ধাপে ধাপে সূচক ৪৭ পয়েন্ট কমে পাঁচহাজার ৪২৫ পয়েন্টে নেমে আসে। এরপর থেকে সূচক পয়েন্টের অল্প পার্থক্যে ওঠানামা করতে থাকে। কিছু সময়ের জন্য সামান্য বাড়লেও আবারো তা নিম্নমুখী ধারায় প্রত্যাবর্তন করে।
দুপুর ১২টা ৪৫ মিনিটে সাধারণ মূল্যসূচক নয় পয়েন্ট কমে পাঁচহাজার ৪১৪ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত থাকে ১২টির। গতকাল ডিএসইতে ৩৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়ায় পাঁচহাজার ৪২৩ দশমিক ৯১ পয়েন্ট।
এ সময়ে লেনদেন হয়েছে ৭১ কোটি ২৯ লাখ টাকার। সোমবার বিগত নয় মাসের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছিল। গতকাল লেনদেন হয়েছিল ২২৭ কোটি ৮২ লাখ টাকার। এর আগে কম লেনদেন হয়েছিল গত ২৫ জানুয়ারি। এ দিনে মোট ২০৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
এ পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে- তিতাসগ্যাস, বেক্সিমকো, ওয়ানব্যাংক, সামিটপাওয়ার, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, এমআই সিমেন্ট ফ্যাক্টরি, ইসলামী ব্যাংক, এমজেএল বাংলাদেশ, এসআইবিএল, ইউসিবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, এনবিএল, আফতাব অটো, আল-আরাফা ব্যাংক, আরএন স্পিনিং।









