এখন সময় রিপোর্ট : জামাত নেতা কাদের মোল্লারসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের দাবীতে শাহবাগের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং সংলগ্ন প্লাজা পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৫ টায় ঘোষণা পত্র পাঠের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ শাম্মু, মিথুন আহমেদ, টিপু আলম, মোজাহিদ আনসারী প্রমুখ। আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নুরুন্নবী, আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্রের
মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিযা চৌধুরী, মহিউদ্দিন দেওযান, তৈযবুর রহমান টনি, শাহীন ইবনে দিলওযার, নুরুজ্জামান সর্দার, লুৎপুন্নাহার লতা, আইয়ুব আলী, শিবলু আহমেদ প্রমুখ। সমাবেশে নতুন প্রজন্মের তরুণ তরুণীরাও অংশ নেন।
সমাবেশে বিক্ষোভকারীরা কাদের মোল্লার ফাঁসি দাবী করে বলেন, যাবজ্জীবনের রায় প্রবাসীরাও প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে ট্রাইবুনালের আইন সংশোধন করে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
তারা বলেন, আইন করে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। সমাবেশ থেকে ইসলামী ব্যাংক, ইবনেসিনা ও ইসলামী ব্যাংক হাসপাতালসহ জামায়াতের সকল ব্যাবসায়ী প্রতিষ্ঠান বর্জনের ঘোষণা দেয়া হয়।







