ঢাকা অফিস : জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শনিবার পঞ্চম দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে সরকার সমমনা বাম সংগঠনের নেতাকর্মীরা। শনিবার ভোর থেকেই দিনের কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। পশ্চিমবঙ্গের শিল্পী কবীর সুমনের গান দিয়ে কর্মসূচি শুরু হয়।
এদিকে, রাতের প্রথম প্রহরে শাহবাগের অবরোধ কর্মসূচি ছেড়ে যায় সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শাহবাগে অবস্থান নেয় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কিছু নেতাকর্মী, ব্লগার ও এ্যাক্টিভিস্টরা। শুক্রবার বিকেলে শাহবাগের অবরোধস্থলে অনুষ্ঠিত মহাসমাবেশে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী থেকে আসা আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ধ্যার মধ্যেই শাহবাগ এলাকা ছেড়ে যান।
অন্যদিকে, রাত ৯টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন কলেজ ও থানা থেকে আসা ছাত্রলীগ নেতাকর্মীরাও শাহবাগ ছেড়ে যান। শুক্রবার রাত ১১টায় শাহবাগ এলাকার সড়ক অবরোধকারীদের মূল মঞ্চে কিছু ব্লগার ও সংস্কৃতিকর্মী অবস্থান নিয়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে।
শাহবাগ এলাকা ছেড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা চলে গেলেও সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিছু ব্লগার, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, প্রগতির পরিব্রাজক দল (প্রপদ) ও সংস্কৃতির নয়া সেতুর কর্মীরা।
প্রসঙ্গত, শুক্রবারের মহাসমাবেশের মধ্য দিয়ে চারদিন ধরে চলা শাহবাগের অবরোধ কর্মসূচির অবসান ঘটাতে চেয়েছিল সরকার। এজন্য সরকারের পক্ষ থেকে অবরোধকারীদের সাথে কয়েক দফা যোগাযোগ করা হয়। কিন্তু অবরোধকারীদের একটি অংশ সরকারের প্রস্তাব মানতে নারাজ হয়ে শাহবাগে সড়ক বন্ধ রেখেই ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।





