রাজপথে শক্ত অবস্থান তৈরি করে গণআন্দোলন গড়ার আহ্বান ব্যারিস্টার রফিকুলের

  • PDF

ঢাকা অফিস : ফের ক্ষমতা আসতে দেশে আঁতাত ও দেনা পাওনার রাজনীতি চলছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, রাজপথে শক্ত অবস্থান তৈরি করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, “রাজপথে শক্ত অবস্থান নিলে সে দলকে সরকার সহযোগিতা করছে আর শক্ত অবস্থান না নেয়ায় বিএনপিকে পুলিশ পেটাচ্ছে।”শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

বিএনপি নেতা ডা. দেওয়ান মো. সালাহ উদ্দিন বাবুসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ব্যারিস্টার রফিকুল বলেন, “দেশে এখন আঁতাতের রাজনীতি চলছে। বিভিন্নভাবে আঁতাত চলছে। দেনা পাওনার রাজনীতি চলছে। মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আবারো ক্ষমতায় যাওয়ার জন্য এ আঁতাত চলছে।”

তিনি বলেন, “রাজপথে শক্ত অবস্থান তৈরি করে গণআন্দোলন গড়ে তুলতে হবে এবং আঁতাতের রাজনীতির বন্ধন থেকে জাতিকে উদ্ধার করতে হবে। অন্যথায় জাতি বিলীন হয়ে যাবে।”তিনি অভিযোগ করে বলেন, “অন্যদেরকে সভা সমাবেশের অনুমতি দিলেও বিএনপি দেয়া হচ্ছে না। একদলের কাছ থেকে পুলিশ ফুল নিলেও বিএপিকে রাজপথে পেটাচ্ছে।তাই দাবি আদায়ে রাজপথে নেমে আসতে হবে।”

ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন প্রমুখ।

Share this post

Add comment


You are here: মূল পাতা প্রতিদিনের খবর রাজপথে শক্ত অবস্থান তৈরি করে গণআন্দোলন গড়ার আহ্বান ব্যারিস্টার রফিকুলের