ঢাকা অফিস : অবিলম্বে ট্রাইব্যুনাল বাতিল করে নেতাদের মুক্তির দাবি জানিয়েছে জামায়াত। রাজধানীর মতিঝিলে আজ সোমবার ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ এ দাবি জানান।
ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সকাল ১০টায় এ সমাবেশ শুরু হয়। পৌনে ১১টার দিকে সমাবেশ শেষ হয়। এরপর মিছিল শুরু করে জামায়াত। মিছিলটি দৈনিক বাংলা-ফকিরাপুল হয়ে বিজয়নগর নাইটেঙ্গল মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আজাদ এমপি বলেছেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার করে ফাঁসিতে ঝোলানোর ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রমূলক কোনো বিচার বাংলাদেশসহ বিশ্বের কোথাও গ্রহণযোগ্য হবে না। অবিলম্বে ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াত নেতাদের মুক্তির দাবি জানান তিনি।
আজাদ বলেন, গুম-খুন-টিয়ারসেল নিপে করে আন্দোলন দমানো যাবে না। অবিলম্বে বগুড়া জামায়াত-শিবিরের চার কর্মীর খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবো। সোমবারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়ায় সরকার ও পুলিশকে ধন্যবাদ জানান তিনি। জামায়াতকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ দিলে কোনো ধংসাত্মক কর্মসূচি দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

সকাল ১০টায় সমাবেশ শুরু হওয়ার কথা থকেলেও ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা মতিঝিলের শাপলা চত্বরে আসতে শুরু করে। এতে চত্বরের উত্তর পাশ দিয়ে কমলাপুরের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১০টার দিকে নেতাকর্মীদের উপস্থিতি বাড়লে চত্বরের পশ্চিম ও উত্তরপাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশস্থলের পাশে অবস্থান নেয়।





