


এখন সময় রিপোর্ট : জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টম্বর নিউ ইয়র্কে সফর করবেন। এসময় তিনি জাতিসংঘ ভাষণ ছাড়াও জাতিসংঘ আয়োজিত সেমিনার ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবর্ধণা সভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী। ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করবেন ৩০ সেপ্টম্বর। এদিকে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসও ২৩-২৫ সেপ্টেম্বর পর্যস্ত ফোরামে অংশ নিতে আমেরিকা সফর করবেন। একই অনুষ্ঠানে যোগ দিতে ব্রাকের প্রতিষ্ঠাতা ড. ফজলে হাসান আবেদও নিউ ইয়র্কে অবস্থান করবেন। তবে এ দু’জনের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাতের কোন সম্ভাবনা নেই।
ড. ইউনুস নিউ ইয়র্কে অবস্থানকালে নির্দিষ্ট অনুষ্ঠান ছাড়াও তার সাবেক ছাত্রদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ক্লিন্টন গ্লোবাল ইনিসিয়েটিভ সম্মেলন হয়ে আসছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সঙ্গে মিল রেখে। প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, মহাসচিব বান কি মুনও বক্তব্য রাখবেন এ সম্মেলনে। ২০০৫ সালে শুরু এ সম্মেলনের প্রতিটিতেই ড. মুহম্মদ ইউনূস এবং ড. ফজলে হাসান আবেদ অংশ নিচ্ছেন।
এদিকে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের সময় গ্রামীণ ব্যাংক রক্ষার দাবীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ড. ইউনুসের সাবেক ছাত্ররা। ইতিমধ্যে তারা প্রবাসী নাগরিক সমাবের ব্যানারে ড. ইউনুস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা ও বিক্ষোভ করেছে। সর্বশেষ গত ৯ সেপ্টম্বর প্রবাসী নাগরিক সমাজের ব্যনারে ইউনুসের ছাত্ররা গ্রামীণ অধ্যাদেশের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে। ঐ সভায় তার ছাত্ররা ছাড়াও প্রবাসের সাংবাদিক ও ক্যুমিউনিট লীডাররা অংশ নেন।





