লড়াইয়ের ডাক দিলেন সন্তু লারমা

  • PDF

ঢাকা অফিস : পাহাড়িদের অধিকার আদায়ের জন্য  লড়াইয়ের ডাক দিলেন সন্তু লারমা আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শহীদ মিনারে এক সমাবেশ থেকে। তিনি  বাংলাদেশের শাসকগোষ্ঠী নিজে থেকে পাহাড়িদের অধিকার নিশ্চিত করবে না মন্তব্য করে  অধিকার আদায়ে লড়াই-সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেছেন পাহাড়ি নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বৃহস্পতিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শহীদ মিনারে এক সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা বলেন, “অগণতান্ত্রিক উগ্র জাতীয়তাবাদী এ সরকারকে দিয়ে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না।”

“গণতান্ত্রিক ও প্রগতিশীল সরকার না আসলে আদিবাসীদের প্রতি এ শোষণ-বঞ্চনা চলতে থাকবে”, যোগ করেন তিনি।

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নসহ পাহাড়িদের মৌলিক দাবি পূরণে সরকার ‘দ্বিধাগ্রস্ত’- এমন মন্তব্য করে সন্তু লারমা বলেন, “অধিকার এমনিতে পাওয়া যায় না। লড়াই-সংগ্রাম করে তা পেতে হয়। সেই লড়াই-সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।”

আগের দিন এক অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের সমস্যার সমাধান না হলে ফের পরিস্থিতি অশান্ত হতে পারে বলে সরকারকে হুঁশিয়ার করেন এক সময়ের এই গেরিলা নেতা।

তিনি বলেন, “মানুষের জীবনধারা পরিবর্তনশীল। পাহাড়ে এক সময় সংঘাত ও বিতর্কের অবসান হয়েছে। আবার কোনো দিন তার সূচনাও হতে পারে।”

স্বায়ত্তশাসনের দাবিতে পাহাড়িদের সশস্ত্র সংগ্রামে দুই যুগ আগেও অশান্ত ছিল পার্বত্য চট্টগ্রাম। শান্তি বাহিনী নামে ওই সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ছিলেন সন্তু লারমা।

১৯৯৮ সালে শেখ হাসিনার সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরে পাহাড়িরা। গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, যার চেয়ারম্যান হন সন্তু লারমা।

তবে ভূমি বিরোধসহ ওই চুক্তির সব ধারা এখনো বাস্তবায়িত হয়নি, যা নিয়ে অসন্তোষ রয়েছে সন্তু লারমা নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির।

Share this post

Add comment


You are here: মূল পাতা প্রতিদিনের খবর লড়াইয়ের ডাক দিলেন সন্তু লারমা