ঢাকা অফিস : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের মামলা আমলে নিয়ে আদালত এ বিষয়ে আ০গামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের আর্থিক অনিয়মের অভিযোগে গতকাল সোমবার দায়ের মামলায় একই সাথে তদন্ত প্রতিবেদন ওই একই দিন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ মামলার নথি গ্রহণ করে এ আদেশ দেন। তবে আদালত খালেদা জিয়াসহ অভিযুক্তদের শুনানির দিন আদালতে হাজির হওয়ার বিষয়ে কোন নিন্দেশনা দেয়নি।
এর আগে দুপুরে তেজগাঁও থানার পুলিশ এ মামলার এজাহারসহ অন্যান্য কাগজপত্র আদালতে দাখিল করেন।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগে গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ মামলাটি করেন। এ মামলার অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও তার এপিএস (বর্তমানে বিআইডাব্লিওটিসির পরিচালক) জিয়াউল ইসলাম, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনির হোসেন এবং ক্রয়কৃত জমির মালিক সুরাইয়া খানম।









