মোহাম্মদ আজাদ : নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রেসিডেন্ট ওবামাকে পরাস্ত করতে রিপাবলিকানরা মাল্টি মিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। ক্যাসিনো মোগল শেলডন এডেলসনের নেতৃত্বে একদল রিপাবলিকান এ সপ্তাহ থেকে কাজ শুরু করতে যাচ্ছে। তাদের পরিকল্পনার নাম দেয়া হয়েছে মাই বায়ার্স রিমোর্স।
রিপাবলিকান জুইশ কোলিশন গ্রুপ টার্গেট নিয়েছে মাল্টি মিলিয়ন ডলার টিভি বিজ্ঞাপন বাবদ ব্যয় করবে। এই জন্য তারা নির্ধারণ করেছে পলিটিক্যাল বেটেলগ্রাউন্ড হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলো। তাদের মূল টার্গেট হচ্ছে ফ্লোরিডা, ওহাইও এবং পেনসিভেনিয়া। এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের সর্বশেষ জনমত জরিপে অঙ্গরাজ্য ভিত্তিক ফলাফলে রিপাবলিকান প্রার্থী মিট রমনি ফ্লোরিডায় প্রেসিডেন্ট ওবামার চাইতে সামান্য এগিয়ে রয়েছেন। তবে ওহাইও এবং পেনসিলভেনিয়ায় প্রেসিডেন্ট ওবামা এগিয়ে রয়েছেন। আমেরিকার রাজনৈতিক ইতিহাসে ওয়াইও অঙ্গরাজ্য জয়ী না হয়ে কোন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেনি। এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের অন্য জরিপে বলা হয়েছে, নভেম্বরের নির্বাচন যদি এখন অনুষ্ঠিত হয় তাহলে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ওবামাকে এক পার্সেন্ট ভোটের ব্যবধানে হারাতে সক্ষম হবেন। এই জরিপটি চালানো হয়েছে সমগ্র আমেরিকায়।
‘মাই রায়ার্স রিমোর্স’ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র নামক অঙ্গরাজ্যগুলো অর্থাৎ ফ্লোরিডা, ওহাইও এবং পেনসিলভেনিয়ায় টার্গেট করেছে জুইশ ভোটগুলো। কারণ ২০০৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ওবামা এসব অঙ্গরাজ্যগুলোতে ৭৮% জুইশ ভোট পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী সিনেটর ম্যাককেইন পেয়েছিলেন মাত্র ২১% জুইশ ভোট। গ্যালআপের অন্য আরেকটি জনমত জরিপে দেখা যাচ্ছে, এখন নির্বাচন অনুষ্ঠিত হলে প্রেসিডেন্ট ওবামা পাবেন ৬৭% জুইশ ভোট এবং রিপাবলিকান প্রার্থী মিট রমনি পাবেন ২৫% পার্সেন্ট জুইশ ভোট। এই প্রসঙ্গে রিপাবলিকান জুইশ কোলিশনের নির্বাহী পরিচালক মেট ব্রুঙ্কস বলেন, জয়ী হতে আমাদরে বেশী ভোটের দরকার নেই। তিনি বলেন, আমরা চাই ডেমক্র্যাটদের কিছু ভোটারকে তাদের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিতে। কিন্তু মিট রমনি যদি ২৫% জুইশ ভোট পেতে সক্ষম হন তাহলে গত দুই দশকে সেটাই হবে রিপাবলিকানদের বড় সাফল্য।
মাই বায়ার্স রিমোর্সের শেলডন এডেলসন এবার যে কোনমূল্যে প্রেসিডেন্ট ওবামাকে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ। এই জন্য তিনি এককভাবে একশ’ মিলিয়ন ডলার খরচ করতে ঘোষণা দিয়েছেন। ধনকুবের এডেলসন এ বছর এককভাবে সবচাইতে বড় ডোনার। এডেলসন ৬.৫ মিলিয়ন ডলার ব্যয়ে রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে নামক অঙ্গরাজ্যগুলোতে জুইশ ভোটারের লিস্ট তৈরি করতে তার গ্রুপকে নির্দেশ দিয়েছেন। এছাড়া তারা ফ্লোরিডা ওহাইও এবঙ পেনসিলভেনিয়ায় এমনকিছু টিভি বিজ্ঞাপন প্রচার করবে যাতে করে জুইশ ভোটারদের মগজ ধোলাই-এর কাজটি সুচারুরূপে সম্পন্ন করা যাবে। টিভি বিজ্ঞাপনের মাধ্যমে জুইশ ভোটারদের বুঝাতে চেষ্টা করা হবে যে, প্রেসিডেন্ট ওবামার ইসরাইলের প্রতি বর্তমানে যে নীতি অনুসরণ করছেন সেটা সম্পূর্ণ ভুল। উল্লেখ্য, শেলডন এডেলসন ইসরাইল রাষ্ট্রের একজন গোড়া সমর্থক এবং তিনি রিপাবলিকান প্রাইমারী নির্বাচন চলাকালে নীট গিংরীচের সমর্থক ছিলেন।









