আরীফ মোহাম্মদ : ইফতারী আয়োজন দীর্ঘ দিনের ঐতিহ্য রয়েছে বাংলাদেশীদের। প্রবাসে বসেও বাংলাদেশীরা রমজানে ইফতারী আয়োজনে পিছিয়ে নেই। নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও রকমারি ইফতারের আয়োজন করেছে। প্রথম রমজানে জ্যাকসন হাইটসের বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে দেখা গেছে, রকমারি ইফতারো পসরা সাজিয়ে রেখেছে রেস্টুরেন্টে। এসব ইফতারী আইটেমের মধ্যে রয়েছে ছোলা-মুড়ি, খেজুর, জিলাপী, বেগুনি, আলুর চপ, পিয়াঁজু, পাকুড়া, সাসলিক, ডিম চপ, পাকুড়া, নিমকি, ছোলা, ভেজিটেবল রোল, শিঙ্গাড়া, সমুচা, শাহী হালিম, ভুনা খিচুড়ি, বিরানী ও রকমারি ফলের সালাদ। এছাড়াও রয়েছে মুরগি, গরু ও খাসির বিভিন্ন প্রকারের কাবাব। ঝাল ইফতারের পাশাপাশি মিষ্টি সামগ্রিরও কমতি নেই এ ইফতারির বাজারে। ইফতারে রেস্টুরেন্টগুলোতে বিশেষ অফার দিয়েছে। বিকাল হতেই রেস্টুরেন্টগুলোতে রোজাদারদের ভিড় জমে। ইফতারী কিনতে আসা সুমা ইসলাম জানান, ব্যস্ততার কারণে বাসায় ইফতার বানানোর সময় হয়না। তাই রেস্টুরেন্টের ইফতার দিয়ে রোজা পার করছি।
ইফতার ক্রেতা আলমাগীর হোসেন জানান, রেস্টুরেন্টের ইফতার মোটামুটি ভালো। বাসায় কয়েকটি আইটেম বানানো হলেও আরো কয়েক প্রকার ইফতার রেস্টুরেন্ট থেকে নিয়ে যাচ্ছি।
হাটবাজার রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার মোহসিন ননী জানান, রোজাদারদের ২০ টি আইটেম নিয়ে বিশেষ ইফতারী বক্স রয়েছে।
ইফতার বক্সের দাম পড়বে ৭.৯৯ ডলার। বক্সের সঙ্গে সরবত ও বেশ কয়েকটি ফলও রয়েছে। এছাড়াও প্রায় ৪০ প্রকারের রেগুলার ইফতার আইটেমের ব্যবস্থা রাখা হয়েছে।
খাবার বাড়ী রেস্টুরেন্টের মালিক পক্ষের অন্যতম হারুন ভূইঁয়া বলেন, ইফতার উপলক্ষে ৭.৯৯ ডলারের বিশেষ বক্স রয়েছে। বক্সের সঙ্গে বড় সাইজের একটি পানি ফ্রি রয়েছে।
এছাড়াও রেস্টুরেন্টে ইফতারসহ যেকোন ধরণের পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান।
প্রিমিয়াম সুইটসের ম্যানেজার রোমান হোসাইন জানান, ২০ প্রকার দেশীয় ইফতার নিয়ে আমরা রমজান স্পেশাল করেছি। সঙ্গে বড় সাইজের পানিসহ ইফতার বক্সের দাম রাখা হয়েছে ৭.৯৯ ডলার। ইফতারের আয়োজনে আরো রয়েছে ৩ প্রকার হালিম ও বেশ কয়েক ধরণের কাবাব।
এছাড়াও ৪ প্রকারের জিলাপীসহ বিভিন্ন ধরণের মিষ্টিজাতীয় খাবার রয়েছে বলে জানান তিনি।
৭৩ স্ট্রীট ০৬ রুজবেল্ট এভিনিউ’র একতা গ্রোসারীর সামনেও ইফতারী সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে। একতা গ্রোসারীর কর্ণধার কামরুজ্জামান মন্টু জানান, ইফতারের নিয়মিত আইটেম ছোলা, বুট, মুড়ি ও খেজুর ছাড়াও কম দামে ভূনা খিচুড়ি, বিরানি ও হালিম পাওয়া যাবে।









