
অর্থ সংগ্রহে একাউন্ট খোলা হচ্ছে : চাঁদাবাজির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে রাবিতে গোলাগুলি, নিহত ১
বিশেষ প্রতিনিধি : নিজস্ব অর্থায়নে দেশে সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার পর পরই বাংলাদেশে ও প্রবাসে চাঁদা তুলতে নেমে পড়েছে সরকার দলীয় নেতা কর্মী ও সমর্থকরা। প্রকাশ্যে অপ্রকাশ্যে চলছে এই চাঁদাবাজি। কোথাও কোথাও চাঁদা আদায়ের জন্য করা হয়েছে কমিটি। আর এই কমিটির মাধ্যমে অর্থ আদায় করা হচ্ছে। এদিকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নামে সরকারই চাঁদাবাজির জন্য আনুষ্ঠানিকভাবে সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
অর্থমন্ত্রী বলেছেন, দেশীয়ভাবে পদ্মা সেতুর জন্য তহবিল সংগ্রহের বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রধামন্ত্রী নিজস্ব অর্থে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পর সারাদেশে ব্যাপক সাড়া মেলায় অনুদান সংগ্রহে ব্যাংক হিসাব খোলা হচ্ছে। প্রধানমন্ত্রী কিছু না জানাতেই মানুষ টাকা-পয়সা দিচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, যিনি যে পরিমাণ টাকা দিতে চান, তা বাজেটের মাধ্যমে খরচ হবে। অনুদানের অর্থ কোনোভাবেই অন্য খাতে ব্যয় করা হবে না। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রীই আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাবেন।
ইতোমধ্যে দেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, সরকার চাঁদাবাজির জন্য দুটো ব্যাংক হিসাব খুলছে। এই অর্থ দিয়ে তাঁরা দলীয় নেতা-কর্মীদের পকেট ভারী ও আগামী নির্বাচনে ব্যয় করবে।
আওয়ামী লীগের পক্ষ থেকে এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও দেশ জুড়ে যে চাঁদাবাজি চলছে তার প্রকাশ পেল রাজশাহীতে ছাত্রলীগের এক তরুণ নেতার মৃত্যুর মধ্যদিয়ে।
এদিকে পদ্মাসেতুর নামে দেশজুড়ে যে চাঁদাবাজি চলছে তা স্বীকার করে অর্থমন্ত্রী বলেছেন, পদ্মাসেতুর নামে যারা চাঁদা তুলছে এরা চাঁদাবাজ। এদের পেটানো উচিত মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মঙ্গলবার বলেছেন, সেতুর নামে কোথাও কোনো চাঁদা তোলা যাবে না। মন্ত্রী বলেন, চাঁদা তোলার দায়িত্ব কাউকে দেয়া হয়নি। সরকার যে দুটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, সে দুটি অ্যাকাউন্টে মানুষ টাকা জমা দেবে।
এদিকে পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংক থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসার ইঙ্গিত পেয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী এখন মনোযোগ দিয়েছেন ঢাকায় নেয়া সরকারী সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে পদ্মা সেতুর জন্য সর্বোচ্চ পরিমানের ফান্ড সংগ্রহ অভিযানে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া এক ইমেইল বার্তায় জানান যে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এখন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার সবগুলো অঙ্গসংগঠন মিলে এক যোগে সারা আমেরিকা জুড়ে প্রবাসীদের নিকট ‘পদ্মা ব্রীজ বন্ড’ জনপ্রিয় করার জন্য এক বিশেষ প্রচারণা কর্মসূচী হাতে নিয়েছেন এবং ইতোমধ্যেই এ বিষয়ে প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। আর এ কর্মসূচিতে যথারীতি দেশের মত এ প্রবাসেও অগ্রণী ভূমিকা রাখছে ছাত্রলীগ।
এদিকে, পদ্মা সেতুর নির্মাণের জন্য অর্থ জোগাড়ের নামে চলমান চাঁদাবাজির অর্থ ভাগাভাগির ঘটনায় ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আর এর ফলে পদ্মা সেতুকে পুঁজি করে দেশ জুড়ে যে চাঁদাবাজি চলছে তাই প্রকাশ পেল।
জানা গেছে, পদ্মা সেতু নির্মাণের নামে আদায়কৃত চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ আবদুল্যাহ আল হাসান সোহেল (২৪) নামে ছাত্রলীগের এক তরুন নেতা মারা গেছে।
মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
পদ্মা সেতু নির্মাণে আদায়কৃত চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে মাদার বখশ ও শহীদ সোহরাওয়ার্দী হলের মাঝামাঝি জায়গায় কথাকাটাকাটির জের ধরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মাঝে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ কর্মী আবদুল্যাহ আল হাসান সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের তৃতীয়বর্ষের ছাত্র (এতো বছর ড্রপ দেয়া) ও ছাত্রলীগের হল প্রস্তুত কমিটির শেরেবাংলা এ কে ফজলুল হক হল শাখার যুগ্ম আহ্বায়ক, সামনের নতুন কমিটির সম্ভাব্য একমাত্র সভাপতি পদপ্রার্থী এবং সাধারণ সম্পাদক গ্রুপের সমর্থক।
সম্প্রতি পদ্মা সেতুতে সরকারের দুর্নীতির পর বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয়ার পর গত সপ্তাহে ঘটাও করে রাবি ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য চাঁদা তোলা শুরু করে।
সভাপতি গ্রুপের নেতাকর্মীদের অভিযোগ, সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা পদ্মা সেতুর নামে আদায় করা টাকার অধিকাংশই হরিলুট করে সামান্য কিছু জমা দিচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা সভাপতি গ্রুপের বিরুদ্ধে একই অভিযোগ করে। যা জের ধরে রক্তাক্ত হয় রাবি ক্যাম্পাস।
এদিকে, পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতুর অর্থায়নে নতুন পরিকল্পনা নেওয়া হবে। নতুন করে একটি অর্থায়ন কাঠামো করা হবে। এতে কিছুটা সময়ও ব্যয় হবে। ফলে বৃহৎ এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণায় ব্যাপক সাড়া পাওয়ায় আগ্রহীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য সরকার দুটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়াও সেতু নির্মাণ প্রকল্পে মন্ত্রিপরিষদের সদস্যরা স্বেচ্ছায় তাদের এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের জানান, দুটি ব্যাংক হিসাব কীভাবে পরিচালিত হবে তার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পদ্ধতি ও নীতিমালা চূড়ান্ত করবে। একটি ব্যাংক হিসাবে আগ্রহী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় অর্থ জমা দিতে পারবেন। অন্যটিতে প্রবাসীরা বিদেশি মুদ্রায় অর্থ জমা দিয়ে সহায়তা করতে পারবেন। যারা স্বেচ্ছায় দেবেন তাদের কাছ থেকেই তহবিলের জন্য অর্থ নেওয়া হবে। এ জন্য কারোর ওপর চাপ প্রয়োগ করা হবে না।
প্রসঙ্গত, গত ২৯ জুন ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার চুক্তি বাতিলের ঘোষণা দেয় বিশ্বব্যাংক।









