নির্বাচিত হয়ে দলের কথা ভুলে সবার জন্য কাজ করেছি
এখন সময় রিপোর্ট : যুক্তরাষ্ট্রে সফরত নাট্যকার ও নীলফারী থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেছেন, আমি আওয়ামী লীগের নীতি আদর্শে বিশ্বাসী। কিন্তু আমি আমার এলাকার সবাইকে সমান দৃষ্টিতে দেখি। আমি শুধু আওয়ামী লীগের নই, সকলের প্রতিনিধি। নিউ ইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত নীলফামারী জেলা এসোসিয়েশন আসাদুজ্জামান নুরকে এ সংবর্ধনা দেয়। গত ১৫ জুলাই জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খতিব সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার জন ল্যু, নাট্যকার জামাল উদ্দিন হোসেন, শিল্পী রথীন্দ্রনাথ রায়, ডা. মাসুদুল হাসান, কমান্ডার নুরনবী, শহীদ হাসান, ফজলুল করিম সরকার, শাহ নূর খান, ফাহাদ সুলাইমান ও রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হোসেন সোহেল রানা।
আসাদুজ্জামান নুর বলেন, বাংলাদেশে সব সরকারের সময় নিয়োগ বদলিতে দলীয়করণ হয়েছে। এতে দেশের ক্ষতি হচ্ছে। সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ হওয়া দরকার।
তিনি বলেন, দেশে বহু দল মত থাকবে, এটাই হচ্ছে গণতন্ত্রের চেতনা। আমি আওয়ামী লীগের টিকেট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। কিন্তু নির্বাচিত হয়ে দলের কথা ভুলে গিয়েছি। কে কোন দলের আমার কাছে সেটা বিবেচ্য নয়। আমার সবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করতে হয়।

তিনি আরো বলেন, বিভিন্ন মত থাকতেই পারেই, তবে সবার লক্ষ্য হওয়া উচিত দেশের উন্নয়ন। তিনি বলেন, বাংলাদেশে হাজারো সমস্যা আছে, ঝড় বৃষ্টি, খরা বাদলের বাংলাদেশ। আমাদের দেশের মানুষ শত সমস্যার মধ্যে লড়াই করেও হাসতে জানে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে পাকিস্তানের কথা বাদ দিলে ভারতের রাজনীতির অবস্থা ভালো না। ভারতেও রয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি দুর্নীতি রয়েছে।
তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, নীলফামারীর জনগণ আমাকে অনেক কিছু দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারলে আমার ভালো লাগে।
জন ল্যু বলেন, আমেরিকাতে অধিবাসীরা বিভিন্ন ধরণের অধিকার থেকে বঞ্চিত। তাই নিজেদের অধিকার আদায়ে অধিবাসীদের রাজনীতিতে সক্রিয় হতে হবে। সবাইকে ভোট দিতে হবে।
বক্তারা বলেন, নীলফারী জেলাকে এক সময় বাংলাদেশের মানুষ মঙ্গা কবলিত জেলা বলতো। এখন আসাদুজ্জামান নূরের কল্যাণে নীলফামারী সবাই চিনে। তিনি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।









