
আমিনূর রহমান রাসেল : কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইলে একটি অনুসন্ধান কূপে গ্যাস পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর আশা করছেন, ‘বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য’ প্রমাণিত হলে এই কূপ থেকে দৈনিক ১৬ থেকে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
তিনি জানান, এই স্ট্রাকচারে কতোটুকু গ্যাস আছে এবং দৈনিক কি পরিমাণ গ্যাস উত্তোলন করা যাবে তা জানতে শুক্রবার সকাল ৯টা থেকে ড্রিলিং স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে।
নতুন এ কূপ থেকে বাণিজ্যিক উত্তোলন শুরু হলে দেশে চালু কূপের সংখ্যা দাঁড়াবে ৮২টি। আর সেক্ষেত্রে এই ক্ষেত্রের গ্যাস শিল্প, সার ও বিদ্যুৎ খাতে সরবরাহ করা যাবে বলে হোসেন মনসুর জানান।
তিনি বলেন, “কূপ এলাকার দুটি জোনে (ডি লোয়ার এবং ডি আপার) গ্যাস রয়েছে। বর্তমানে ডি লোয়ার জোন থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস তোলা হচ্ছে। কয়েকদিন পরে ডি আপার জোন থেকে উত্তোলন শুরু হবে।”
নতুন এ কূপ থেকে বর্তমানে ১ হাজার ৭০০ পিএসআইজি (প্রেসার পার স্কোয়ার ইঞ্চি গ্যাস) চাপে ১৫ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস তোলা সম্ভব হচ্ছে বলে পেট্রোবাংলা চেয়ারম্যান জানান।
এর আগে ২০০৪ সালে শ্রীকাইলে একটি গ্যাস ক্ষেত্র আবিস্কারের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত সেখানে গ্যাস মেলেনি। তবে ওই স্ট্রাকচারের পাশেই আরেকটি স্থানে প্রায় ১৫০ লাইন কিলোমিটার দ্বি-মাত্রিক ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে অনসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয় বাপেক্স।
সে সময় ধারণা করা হয়েছিল, এই ক্ষেত্রে প্রায় ৫০০ বিলিয়ন ঘটফুট গ্যাস থাকতে পারে।
চলতি বছর মে মাসে এ কূপের কাজ শুরুর পর গত ২৯ জুন ৩ হাজার ২১৪ মিটার পর্যন্ত খনন শেষে এ কূপের খনন সমাপ্ত করা হয়। এরপর দুইদিন লগিং (গ্যাসের উপস্থিতি নিশ্চিত) এর কাজ চলে। তখনই বাপেক্স জানিয়েছিল, কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইলে গ্যাস পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
‘শ্রীকাইল তেল/গ্যাস অনুসন্ধান কূপ খনন’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ১২ লাখ টাকা।
পট্রোবাংলা চেয়ারম্যান জানান, বর্তমানে দেশে দৈনিক দুই হাজার ৭০০ থেকে তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি গ্যাস উৎপাদন হচ্ছে।



