
ঢাকা অফিস : বাংলাদেশের তিন এভারেস্ট জয়ী এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনকে সংবর্ধনা দিয়েছেন বিরোধী দলের নেতা বেগম খালোদা জিয়া। বুধবার রাতে তার গুলশানের কার্যালয়ে এই সংবর্ধনা সভায় খালেদা জিয়া বলেন, বাংলাদেশের সুনাম যা নষ্ট হয়েছে এভারেস্ট বিজয়ের মাধ্যমে তা কিছুটা হলেও ফিরে এসেছে। এভারেষ্ট বিজয় করে তোমরা প্রমাণ করেছ আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি। এই তরুণদের অনুসরণ করে বাংলাদেশের মেয়েরা আরও চ্যালেঞ্জিং কাজে এগিয়ে আসবে।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে যতো ষড়যন্ত্রই হোক না কেন তোমাদের মতো সাহসী তরুণরাই বাংলাদেশকে রক্ষা করবে।
যারা বাংলাদেশের পতাকা এভারেস্টের চূড়ায় পৌছে দিয়েছে, সারা বিশ্বের কাছে সুনাম অর্জন করেছে, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে।
এ সময় এভারেস্ট জয়ী তিন তরুণের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। খালেদা জিয়াকে এভারেস্ট অভিযানের আলোকচিত্র উপহার দেন এভারেস্ট জয়ীরা।



