
জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল আমিরা’র সম্বর্ধণায় বান কি মুন
এখন সময় রিপোর্ট : জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের পাশে জাতিসংঘ সব সময় বন্ধুর মতো থাকতে চায়। বাংলাদেশী নাগরিক জাতিসংঘে আন্ডার সেক্রেটারী জেনারেল আমিরা হকের সংবর্ধনা অনুষ্ঠানে বান কি মুন এ কথা বলেন। গত ৫ জুলাই নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শান্তি মিশনে বাংলাদেশী সৈনিকদের বিশেষ সাফল্যের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশ ভ্রমনের সময় রাজেন্দ্রপুর পিস বিল্ডিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মসূচী আমাকে মুগ্ধ করেছে। তবে বাংলাদেশ প্রসঙ্গে বিশ্বব্যাংকের অবস্থান নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনও কথা বললেন না। এ বিষয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে বান কি মুন এড়িয়ে গিয়ে সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের চলমান সংকট নিরসনে বাংলাদেশের সহাযোগিতা চেয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতিসংঘে আমিরা হকের ৩৫ বছরের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা তুলে ধরেন বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমিরা হক জাতিসংঘে আন্ডার সেক্রেটারী পদে নিয়োগ প্রাপ্তি বাংলাদেশের জন্য বড় সাফল্য।
ড. মোমেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দ্বিতীয় মেয়াদে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন।
মোমেন জাতিসংঘ মহাসচিবের বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগী ভূমিকার কথা উল্লেখ কওে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহের অবকাঠামো উন্নয়নে জাতিসংঘের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আমিরা হক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ভ্রমনে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বর্তমান সরকার গৃহীত সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচী, কর্মসংস্থানের জন্য ন্যাশনাল গ্যারান্টি সার্ভিস স্কিমের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।











