Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



প্রবাসীদের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার জন্য বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার

  • PDF

নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর

এখন সময় রিপোর্ট : নিউ ইয়র্কে সফরত বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী পণ্যের দ্রুত প্রসার বাড়ছে। বাংলাদেশ এখন লড়ছে চীনের বিরুদ্ধে। ইতিমধ্যেই ভারত শ্রীলংকা এবং কম্বোডিয়াকে আমরা পরাজিত করতে সক্ষম হয়েছি। চীন থেকে গত বছর বেশ কয়েকটি শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরিত হয়েছে। চামড়াজাত এসব শিল্পকারখানা বার্ষিক দুই বিলিয়ন ডলারের পণ্য রফতানী করতে সক্ষম।

নিউ ইয়র্কে এনআরবি বিজনেস নেটওয়ার্কের সমাবেশে তিনি এসব কথা বলেন। গত ৩০ জুন   উড সাইডের গুলশান টেরিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গভর্ণর বলেন, গত দেড় থেকে দুই দশকের মধ্যে যে সব দেশ উন্নয়ন করতে সক্ষম হয়েছে, সে ক্ষেত্রে ঐসব দেশের প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়। ভারতে এনআরআই (নন রেসিডেন্ট ইন্ডিয়ান) দিবস পালন করা হয়। প্রবাসী উদ্যোক্তাদের সাথে প্রায়ই ভারতের রাষ্ট্রপতি নৈশভোজে মিলিত হন। এসব উদ্যোগে ফলে ভারতের বর্তমান রিজার্ভ হচ্ছে ৩০০ বিলিয়ন ডলার। বাংলাদেশও একই পথে হাঁটছে।

তিনি বলেন, প্রবাসীদের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার বহুমুখী প্রয়াস নিয়েছে। ইউএস বন্ড ছাড়া হয়েছে-যার সুদের হার ৬৫ এবং এটি পরিশোধ করা হচ্ছে ইউএস ডলারে। তাই কারো কোন দুশ্চিন্তার কারণ নেই বিনিয়োজিত এ অর্থ নিয়ে। এছাড়াও এনআরবি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

গভর্ণর আরো বলেন, টেক্সটাইল সেক্টরের কয়েকটি প্রতিষ্ঠানও চীন থেকে শীঘ্রই বাংলাদেশে আসছে। চীনের চেয়ে বাংলাদেশে উৎপাদন খরচ ৩৩ কম, এ বিষয়টি এখন বিশ্ববাসীর অজানা নেই।

তিনি বলেন, ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে আঞ্চলিক পর্যায়েও বাংলাদেশ বিশেষ একটি পর্যায়ে উপনীত হয়েছে। ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশী ব্যবসায়ীরা একটি কারখানা স্থাপনে সক্ষম হয়েছেন।’

গভর্ণর বলেন, ‘সিলেটে ২টিসহ বাংলাদেশের কয়েকটি স্থানে আরো ৭টি স্পেশাল ইকনোমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো থেকে যে কোন সহায়তা প্রবাসীরাও পাবেন।’

বাংলাদেশের স্টান্ডার্ড ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ‘স্টান্ডার্ড এক্সপ্রেস’র সহায়তায় এনআরবি বিজনেস নেটওয়ার্কের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন এনআরবি বিজনেস নেটওয়ার্কের পরিচালক হাসানুজ্জামান হাসান। অনুষ্ঠানে রুপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ আল কবীর বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ড উপস্থাপন করে বলেন, ‘গায়ে কাপড় নেই-এমন কোন মানুষ এখন বাংলাদেশে দেখা যায় না। খাদ্যেও বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হয়েছে। মোশারফ হোসেনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মো আতাউর রহমান ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট মোহাম্মদ মালেক উপস্থিত ছিলেন।

 

 

 

Share this post

Add comment


You are here: শেষ পৃষ্ঠা প্রবাসীদের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার জন্য বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার