এখন সময় ডেস্ক : মমতাকে হতাশ করে নির্বাচনে লড়তে রাজি হলেন না ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম। প্রেসিডেন্ট পদে ভারতের বাঙালি অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে সমর্থন না দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ড. এপিজে আবদুল কালামকে। কিন্তু গত সোমবার ভারতের খ্যাতনামা এ পরমাণু বিজ্ঞানী জানিয়েছেন, অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামার বিষয়ে তার বিবেক সাড়া দিচ্ছে না। সকালে ফোন করে এপিজে আবুল কালাম ভারতের জনতা পার্টি বা বিজেপি নেতা এলকে আদভানিকে বিষয়টি জানান। সকালে সাবেক এই প্রেসিডেন্টকে ফোন করে তাকে প্রার্থী হওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছিলেন আদভানি।
এ ছাড়া, বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নিও সকালে এবং দুপুরে কালামের বাডি গিয়ে দুদফা বৈঠকও করেছেন। তবে এতে কাজ হয়নি। এসব প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন কালাম। সেই সঙ্গে তাকে সমর্থন জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
প্রেসিডেন্ট প্রার্থী প্রণব মুখার্জির জন্য সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং এনডিএ নেতাদের কাছে ফোন করেছিলেন। কিন্তু এনডিএ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। অন্যদিকে এপিজে আবুল কালাম প্রেসিডেন্ট নির্বাচন করতে রাজি না হওয়ায় মমতা এখন হতাশ।
এর আগে মমতা ফেসবুকে এপিজে আবুল কালামকে ছাড়া আর কাউকেই প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন দেবেন না জানিয়ে বলেন, রাজনীতি থেকে নৈতিকতা ক্ষয়ে যাচ্ছে। মমতার অভিযোগ রাষ্ট্রপতি পদে প্রণবের প্রার্থিতা নিয়ে মুলায়েম সিং যাদবের সঙ্গে মনমোহন সিংয়ের যে সমঝোতা হয়েছে তার পেছনে কাজ করেছে গোপন লেদদেন। এ জন্য তিনি দুর্নীতি ও গোপন সমঝোতার বিরুদ্ধে লড়াই করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।









