Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



সংলাপ : আ’লীগ নেতাদের মুখের কথায় ভরসা নেই

  • PDF

লিখিত প্রস্তাব বা প্রধানমন্ত্রীর ঘোষণা চায় বিএনপি

বিশেষ প্রতিনিধি, ঢাকা থেকে : আওয়ামী লীগ নেতাদের মুখের কথায় ভরসা নেই বিএনপির। তারা চান লিখিত প্রস্তাব বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা। বিএনপি নেতারা বলেছেন, প্রধানমন্ত্রীকে আগে ঘোষণা করতে হবে আগামী নির্বাচন অন্তর্বর্তী এবং নির্দলীয় সরকারের অধীনে হবে। ঘোষণার পর সরকারপক্ষ থেকে লিখিত প্রস্তাব পেলে সংলাপে বসবে বিএনপি। সে সংলাপ জাতীয় সংসদ কিংবা সংসদের বাইরে যে কোথাও হতে পারে। প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। শুধু তাই নয়, বিএনপি নেতাদের মনোযোগ এখন আগামী ১১ জুন ঢাকার সমাবেশের দিকে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার গণভবনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনেই হবে। পরের দিন রোববার ১৪ দলীয় জোট নেতাদের বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কোনো প্রস্তাব থাকলে তারা দিতে পারে।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর তার দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই। তাদের একেকজন একেক কথা বলছেন। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে হবে আগামী নির্বাচন অন্তর্বর্তী ও নির্দলীয় সরকারের অধীনে হবে। তারপর তাদের লিখিত প্রস্তাব পেলে সংলাপে যাবে বিএনপি।

এদিকে স্পিকারের কথাও আমলে নিচ্ছে না বিএনপি। গত রোববার সংসদে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ বলেন, বিরোধী দল প্রস্তাব দিলে সেটি সংসদের বৈঠকে হোক কিংবা সংসদ ভবনের কোনো কক্ষে হোক তিনি আলাপ-আলোচনার ব্যবস্থা করতে প্রস্তুত আছেন। এ বিষয়ে সংসদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। স্পিকারের প্রস্তাবের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমরা মনে করি, সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকাই প্রধান। এখানে স্পিকারের কোনো ভূমিকা নেই। প্রধানমন্ত্রী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে এমন ঘোষণা না দিলে চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মওদুদ আহমদ আশা প্রকাশ করে বলেন, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি সহসাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী, নির্দলীয় সরকার মেনে নেওয়ার ঘোষণা দেবেন।

বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য এম তরিকুল ইসলাম বলেন, অন্য কোনো নেতা নয়, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগে ঘোষণা করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী, নির্দলীয় সরকারের অধীনে হবে। এ ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তাছাড়া এখন তাদের মনোযোগ আগামী ১১ জুন ঢাকায়।

 

 

 

 

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা সংলাপ : আ’লীগ নেতাদের মুখের কথায় ভরসা নেই