Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ: সংলাপে জোর দিলেন ব্রিটিশ সহকারী মন্ত্রী

  • PDF

ঢাকা অফিস : সব দলের অংশগ্রহণে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের উপায় বের করতে সংলাপের ওপর আবারও গুরুত্ব দিয়েছে যুক্তরাজ্য। সোমবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী অ্যালিস্টার বার্ট সংলাপের ওপর গুরুত্ব দেন। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, বৈঠকে বেগম খালেদা জিয়া জানিয়েছেন, আগামীতে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে হলে তা নির্দলীয় শাসনব্যবস্থার অধীনেই করতে হবে। এটাই বিএনপির নীতিগত অবস্থান। এ সময় আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ সহকারী মন্ত্রী।

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বৈঠকে দলের অবস্থান ব্যাখ্যা করে বলেন, নিন্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসতে তিনি রাজি আছেন। নিন্দলীয় সরকারের নাম নিয়েও তার দলের কোনো আপত্তি নেই।

তিন দিনের সফরে রোববার সকালে ঢাকায় পৌঁছান অ্যালিস্টার বার্ট। ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এই এমপি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিভাগের সহকারী মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অ্যালিস্টার বার্ট পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মনির সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।

শমসের মবিন চৌধুরী বলেন, যুক্তরাজ্য মনে করে বাংলাদেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, যাতে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশের অবসান হয় এবং দেশ যাতে অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার দিকে ফিরে যেতে পারে। প্রায় ৪০ মিনিটের বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়।

এক প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, বৈঠকে ইলিয়াস আলীসহ বাংলাদেশে ‘গুমের’ ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ মন্ত্রী এ বিষয়ে যুক্তরাজ্যের উদ্বেগের কথা জানিয়েছেন। এ নিয়ে যুক্তরাজ্যের হাউস অব লর্ডস ও হাউজ অব কমন্সে আলোচনা হয়েছে। যুক্তরাজ্য মনে করে এর অবসান হওয়া উচিত।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ: সংলাপে জোর দিলেন ব্রিটিশ সহকারী মন্ত্রী