ঢাকা অফিস : আগারগাঁওয়ে তিনজন ফটোসাংবাদিককে পেটানোর ঘটনায় দুঃখ প্রকাশ করলেও একে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। এই ঘটনায় জড়িত পুলিশের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজ বাহিনীর এক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তাকে শনিবারের নির্যাতনের ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।
হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার জন্য গোটা পুলিশ বাহিনীকে দোষারোপ করা যায় না।’ আগারগাঁও এলাকায় দায়িত্ব পালনকালে শনিবার পুলিশের মারধরের শিকার হন প্রথম আলোর তিনজন আলোকচিত্র সাংবাদিক। ঘটনাটিকে ‘অনভিপ্রেত’ উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, ‘যারা পুলিশ বাহিনীতে থেকে এ ধরনের ঘটনা ঘটায়, তাদের কখনোই ছাড় দেওয়া হয়নি, এ ক্ষেত্রেও হবে না।’ আইজিপি বিকালে পুলিশের হকি প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখেন। এই খেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা মহানগর পুলিশ।











