
এখন সময় রিপোর্ট: বাংলাদেশের মত করে আনন্দঘন পরিবেশে অন্যরকম দিন কাটিয়েছে নিউ ইয়র্কের বাঙালীরা। সকাল ১০ টা থেকে ৬ টা পর্যন্ত দেশীয় গান, আনন্দ উল্লাসে মেতে ছিল সবাই। ২০ মে রোববার ‘বাংলাদেশ মেলা’ নামে এ জমজমাট আড্ডা বসে জ্যাকসন হাইটসের ৭৫ স্ট্রীটের ৩৭ এ্যভিনিউতে। এ মেলাকে ঘিরে ৭৫ স্ট্রীটে পসরা সাজিয়ে শাড়ী, চুড়ি, গহনা ছাড়াও ঝাল মুড়ি ও বিভিন্ন খাবার দোকান বসে। মেলাকে ঘিরে সকাল থেকে নিউ ইয়র্কের আশে পাশের বাংলাদেশীরা জড়ো হয়। তরুণ তরুণীরা নানা পোষাক গায়ে মেলায় আসে। মেলাতে উৎসুক অনেক আমেরিকান নাগরিকও উপস্থিত ছিলেন। সারাদিন নাচ, গান ও র্যাফেল ড্র’সহ নানা অনুষ্ঠানে বাঙালীরা মেতে ছিল। গান পরিবেশন করেন বাউল শিল্পী ফকির সাহাব উদ্দিন, শিখা রউফ, তানভীর শাহীনসহ প্রবাসের শিল্পীরা। মেলার জন্য সকাল থেকে ৭৫ স্ট্রীটের একটি রাস্তা ব্লক করে দেয়া হয়। মেলায় আগতদের ভিড়ের কারণে জ্যাকসন হাইটস এলাকায় যানজটের সৃষ্টি হয়।



বাংলাদেশ মেলার আয়োজক ছিলেন, আব্দুল চৌধুরী শাহীন ও মীর শিবলী। মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির কম্পোটলার জন লু-কে।
নববর্ষের শুভেচ্ছা দিয়ে জুন লু মেলায় আগতদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মানুষ অনেক বেশি সংস্কৃতি প্রীয়। বাংলাগান তার কাছে অনেক ভালো লাগে বলে জানান। আগামীতে নিউ ইয়র্কে সিটি নির্বাচনে তার পক্ষে বাংলাদেশীদের ঐক্যবদ্ধভাবে ভোট করার আহবান জানান জন লু।
র্যাফেল ড্র’তে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইত্তেহাদ ইউএসএ’র ভাইস প্রেসিডেন্ট রবি মেহক।
মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শারমিন রেজা ইভা ও আবির আলমগীর।












