ঢাকা অফিস : দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে যৌথভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী অ্যালিস্টার বার্ট।
সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করে তিনি একথা বলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লালদেব।
অ্যালিস্টার বার্ট বাংলাদেশের সঙ্গে তার দেশের বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক অত্যন্ত ভালো বলে উল্লেখ করে বলেন, “সম্ú্রতি দু’দেশের বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কের উন্নতি হয়েছে। এ সম্পর্ক জোরদার করতে যৌথভাবে কাজ করতে হবে।”
প্রধানমন্ত্রীও তার কাছে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানোর কথা বলেন।
বাংলাদেশের তৈরি পোশাকের প্রশংসা করে যুক্তরাজ্যের সহকারী মন্ত্রী বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ এর ওপরে আছে বলে অ্যালিস্টার বার্টকে জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন বলেও জানান বিজন লালদেব।
বর্তমান সরকারের সময়ে উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ে ৫ হাজার ১৯৭টি নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোনো নির্বাচন নিয়েই অভিযোগ ওঠেনি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে।
সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান ও বাংলাদেশে যুক্তরাজ্যেরে রাষ্ট্রদূত রবার্ট গিবসন।
মালয়শিয়া সরকারের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত দাতো সেরি স্যামি এস ভ্যালু প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন।
এসময় তিনি পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে ‘প্রাথমিক’ প্রস্তাব উপস্থাপনের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন বলে জানান বিজন লালদেব।
বিজন লালদেব বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন দাতো সেরি স্যামি এস ভ্যালু।
যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের, অ্যাম্বসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান ও বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার দাতো জামালুদ্দিন সাবেহ।





