
এখন সময় রিপোর্ট : প্রবাসীদের নিশ্চিত মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ ফান্ডের পুঁজি সংগ্রহে নেমেছে আইসিবি। বাংলাদেশের সরকারী ও বেসকারী ৮ টি প্রতিষ্ঠানের সমন্ময়ে ৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড গঠন করেছে। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আইসিবি’র এমডি মোঃ ফায়কুজ্জামান এসব তথ্য জানান। গত ১৪ মে সোমবার উডসাইডের গুলশান টেরেস’এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সোনালী এক্সচেঞ্জের সিইও আতাউর রহমান ও স্ট্যান্টার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট এন্ড সিইও মোহাম্মেদ মালেক। এছাড়াও বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফায়কুজ্জামান বলেন, শেয়ার বাজারকে স্থীতিশীল রাখার জন্য মূলত বাংলাদেশ ফান্ড গঠন করা হয়। ৫ হাজার কোটি টাকার এ ফান্ডের প্রাথমিকভাবে ১৫শ’ কোটি টাকা দিয়ে ৮ টি প্রতিষ্ঠানের উদ্যোগে যাত্রা শুরু হয়। বাকী টাকা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে বিভিন্নভাবে সংগ্রহ করা হবে।
তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত টাকা ঝুকিমুক্ত বিনিয়োগের জন্য বাংলাদেশ ফান্ডে বিশেষ সুবিদা রয়েছে। হঠাৎ বেশি মুনাফার লোভ না করে দীর্ঘ মেয়াদী অধিক লাভজনক বিনিয়োগের জন্যই বাংলাদেশ ফান্ড। তাই তিনি এ ফান্ডে নিশ্চিতভাবে বিনিয়োগের জন্য প্রবাসীদের আহবান জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ফান্ডের বিনিয়োগকৃত লভ্যাংশের টাকা টু’ওয়ে করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।











