
এ্যাসাল’র আনুষ্ঠানিক সমর্থন জ্ঞাপন
এখন সময় রিপোর্ট : এ্যালাইয়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এ্যাসাল) আসন্ন নির্বাচনে নিউইয়র্ক থেকে কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট ৬ এর প্রাইমারী ইলেকশন এর ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস পদপ্রার্থী এ্যাসেম্বলী ওম্যান গ্রেস মেংকে আনুষ্ঠানিক সমর্থন প্রদান করেছে। গত ২৯ এপ্রিল রোববার জ্যামাইকা হিলসাইড এভিনিউস্থ রয়েল চাইনিজ রেষ্টুরেন্টে এ্যালাইয়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার ্্(এ্যাসাল) এর উদ্যোগে আসন্ন নির্বাচনে নিউইয়র্ক থেকে কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট ৬ এর প্রাইমারী ইলেকশন এর ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস পদপ্রার্থী এ্যাসেম্বলী ওম্যান গ্রেস মেংকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন প্রদান করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এ্যাসাল’র নেতৃবৃন্দসহ নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশিয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিউইয়র্কের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ছাড়াও আমেরিকান কিছু পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এ্যাসাল এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জনাব মাফ মিসবাহ উদ্দিন ও সংগঠনটির নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে এ্যাসেম্বলীওম্যান গ্রেস মেং এর প্রতি তাদের জোর সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তার পক্ষে প্রচারণার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গ্রেস মেং তার বক্তব্যে বলেন, ইমিগ্র্যান্ট বাবার কন্যা হিসেবে তিনি সকল ইমিগ্র্যান্টদের বিশেষ করে এশিয়ানদের চাকরি, শিক্ষা এবং ইমিগ্রেশনসহ বিভিন্ন মৌলিক অধিকার আদায়ে কাজ করে যেতে চান। তিনি বলেছেন, নির্বাচিত হলে তিনি তার অফিসে একজন দক্ষিণ এশিয়ার লোক নিয়োগ করবেন। তার প্রতি সমর্থন জ্ঞাপনের জন্য তিনি এ্যাসাল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত সাপ্তাহিক এখন সময়’র প্রতিনিধি মোহাম্মদ তুহিন এখন সময় পরিবারের পক্ষ থেকে গ্রেস মেংকে সমর্থন জ্ঞাপন করেন এবং নির্বাচনের প্রচারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে, গত ২২ শে এপ্রিল সাপ্তাহিক এখন সময়’র অফিসে ্এ্যাসাল এর নেতৃবৃন্দ এক মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে আগামী ২৬ই জুন অনুষ্ঠিতব্য নিউইয়র্কের কংগ্রেসের নির্বাচনী এলাকা ৬ (কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট ৬) এর ডেমোক্রেটিক প্রাইমারী ইলেকশনে দক্ষিণ এশিয়ান ভোটারদের সমর্থন পাওয়ার জন্য কংগ্রেশনাল পদপার্থী এসেম্বলী মেম্বার গ্রেইস মেং, এসেম্বলী মেম্বার রোরি লেন্সম্যান এবং সিটি কাউন্সিল মেম্বার এলিজাবেথ ক্রাউলি পৃথকভাবে এ্যাসাল এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। উক্ত সভায় তারা সংগঠনটির নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ার জনগণের উন্নয়ন এবং ইমিগ্রেশনসহ বিভিন্ন সমস্যা নিরসনের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। সভা শেষে সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রদত্ত ভোটে কংগ্রেস পদপ্রার্থী এ্যাসেম্বলীওম্যান গ্রেস মেংকে সমর্থন প্রদানের জন্য নির্বাচিত করা হয়। সার্বিক বিবেচনায় এ্যাসাল নেতৃবৃন্দ মনে করেন নিউইয়র্কে বসবাসরত এশিয়ানদের প্রতিনিধিত্ব করার জন্য গ্রেস মেং একজন যোগ্য প্রতিনিধি।
২০১২ সালের আসন্ন নির্বাচনগুলোর সুযোগকে কাজে লাগিয়ে আমেরিকার মূলধারার রাজনীতির সাথে দক্ষিণ এশিয়ার অভিবাসীদের সম্পৃক্ত করে একজন যোগ্য প্রার্থীকে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে এ্যালাইয়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এ্যাসাল) সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, আগামী নির্বাচনে কংগ্রেস পদপ্রার্থীদের মধ্যে যে নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণের লক্ষ্যে এবং তাদের পক্ষ হয়ে কাজ করে যাবেন এমন একজনকে নিজেদের সমর্থন জ্ঞাপনের উদ্যোগ গ্রহণ করে।
উল্লেখ্য কংগ্রেসের নির্বাচনী এলাকা ৬ এর ৩৭% ভোটার এশিয়ার বিভিন্ন দেশের। তন্মধ্যে ব্রায়ারউড, জ্যামাইকা হিল্স এবং জ্যমাইকার কিছু অংশে বিপুল পরিমাণে দক্ষিণ এশিয়ার মানুষ বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন প্রাইমারী নির্বাচনে যে প্রার্থী এই ৩৭% ভোট নিতে পারবেন, তার বিজয়ের সম্ভাবনা অনেকটা নিশ্চিত।







