রাষ্ট্রযন্ত্র ইলিয়াস আলীকে গুম করেছে, ৯০’র ছাত্রনেতাদের অভিযোগ

  • PDF

ঢাকা, ২০ এপ্রিল: ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, টিপাইমুখ বাঁধ ও সীমান্তে আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ-আন্দোলনে ইলিয়াস আলীর ভূমিকার কারণেই রাষ্ট্রযন্ত্র ও দেশী-বিদেশী অপশক্তি তাকে গুম করেছে বলে অভিযোগ করেছেন ৯০’র ছাত্র নেতারা।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

 

ছাত্র নেতারা অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে জীবনবাজি রেখে আন্দোলন করার হুমকি দেন। একই সঙ্গে ইলিয়াস আলী নেত্রীর নির্দেশে লুকিয়ে আছে প্রধানমন্ত্রীর এই বক্তব্য মিথ্যাচার বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৎকালীন ডাকসু’র ভিপি বিএনপি’র যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, সাইফুদ্দিন মনি, হাবিব উন নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সরফত আলী সপু, রফিক সিকদার, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আকতার, আসিফা আশরাফি পাপিয়া, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, মাহবুবুল হক নান্নু প্রমুখ।

লিখিত বক্তৃতায় আমান উল্লাহ আমান বলেন, “৯০’র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী নেতা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল দিবাগত রাতে বনানীর নিজ বাসা থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত আর ফিরে আসেননি। পরদিন সকালে তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাহসীন রুশদী লুনা বনানী থানায় জিডি করেন। দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ ও র‌্যাবের প্রধানের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের কাছে ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসারকে পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার অনুরোধ করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”

তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে। দেশী-বিদেশী অপশক্তির সমন্বয়ে একটি বিশেষ গ্রুপ তৈরি করে বিরোধী মত, পথ ও আন্দোলনকে চিরতরে নিঃশেষ করে দিতে চায়।”

আমান উল্লাহ আমান বলেন, “আমরা এই অবস্থা কোনোভাবেই চাই না। রাষ্ট্রের কাছে আমরা আইনের শাসন চাই। নাগরিকের জানমালের নিরাপত্তা চাই। আমাদের সহযোদ্ধা ইলিয়াস আলীকে ফেরত চাই।”

সরকারের কাছে পুনরায় দাবি জানিয়ে তিনি বলেন, “অবিলম্বে সুস্থ অবস্থায় ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিন। নতুবা আমরা দৃঢ়ভাবে শপথ করে বলতে চাই, প্রয়োজনে জীবনবাজি রেখে আবার লড়াইয়ে নামবো। সেই লড়াই হবে দেশ বাঁচাবার লড়াই। আওয়ামী ফ্যাসিবাদের পতনের লড়াই।”

প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের বক্তব্য মিথ্যাচার দাবি করে তিনি প্রশ্ন করেন, ইলিয়াস আলী যদি নেত্রীর নির্দেশে লুকিয়ে থাকে তাহলে আপনারা তাকে খুঁজে বের করুন।

স্বয়ং প্রধানমন্ত্রী যদি ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হন তাহলে মানুষ যাবে কোথায় বলেও মন্তব্য করেন আমান উল্লাহ আমান।

তিনি ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে আগামী ২৫ এপ্রিল শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র-গণজমায়েতের ঘোষণা দেন। ওই সমাবেশে ছাত্র-শিক্ষক, আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিকসহ সকল পেশার মানুষ উপস্থিত থাকবেন। 

Share this post

Add comment


You are here: মূল পাতা প্রতিদিনের খবর রাষ্ট্রযন্ত্র ইলিয়াস আলীকে গুম করেছে, ৯০’র ছাত্রনেতাদের অভিযোগ