ঢাকা অফিস • প্রকাশিত: ১৮ অক্টোবার ২০২৫, ০৫:২৫ এ এম • অনলাইন সংস্করণ

৬ নভেম্বরের মধ্যে ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধনের নির্দেশ

৬ নভেম্বরের মধ্যে ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধনের নির্দেশ

দেশের অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য আগামী ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন সনদের জন্য আবেদন করতে নির্দেশ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদনবিহীন বা মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সিগুলোকে www.regtravelagency.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নতুন নিবন্ধনের আবেদন অথবা পুরনো সনদ নবায়ন করতে হবে। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

বেআইনি কার্যক্রমে বাড়ছে প্রতারণা ও দুর্নীতি

মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে দেখা গেছে, দেশে অনেক ট্রাভেল এজেন্সি বৈধ অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করছে, যার ফলে বিমান ভ্রমণ সংশ্লিষ্ট অর্থ আত্মসাৎ, দুর্নীতি এবং প্রতারণার ঘটনা বাড়ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূর্বেও অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে একাধিকবার আইনি প্রক্রিয়ায় নিবন্ধনের নির্দেশ দেওয়া হলেও অনেক প্রতিষ্ঠান তা উপেক্ষা করেছে।

আইনি কাঠামো

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, এর সংশোধন আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী—নিবন্ধন সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ সনদ নবায়ন না করে ব্যবসা পরিচালনা করা আইনের গুরুতর লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ।

সরকারের এই নতুন নির্দেশনার মাধ্যমে অননুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোকে আইনি কাঠামোর আওতায় আনা ও ভ্রমণ খাতে স্বচ্ছতা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে মন্ত্রণালয় জানিয়েছে।