ঢাকা অফিস • প্রকাশিত: ১৬ ডিসেম্বার ২০২৫, ১১:৫০ পিএম • অনলাইন সংস্করণ

২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে তারেক রহমান ফিরছেন: মির্জা ফখরুল

২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে তারেক রহমান ফিরছেন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে নিয়ে দেশের মাটিতে পা রাখবেন। তিনি বলেন, সেদিন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবাই ঐক্যবদ্ধ হবে।

গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মির্জা ফখরুল ২০০২ সালের চীন সফরের একটি স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সে সময় খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, 'হি ইজ মাই সান'। তখন চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই হাত ধরে বলেছিলেন, 'ক্যারি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার'। বিএনপি মহাসচিব মন্তব্য করেন, সেই জাতীয়তাবাদী পতাকা, স্বাধীনতার পতাকা ও গণতন্ত্রের পতাকা নিয়েই তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।

জুলাই আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তা প্রসঙ্গে মির্জা ফখরুল তার উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে অনেকের মধ্যেই শঙ্কা কাজ করছে। তবে তিনি আশ্বাস দেন, “জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এলে ইনশাআল্লাহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাদের কোনো অনিরাপত্তার ঝুঁকিতে যেতে দেওয়া হবে না।”

একাত্তরের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নতুন করে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়। তিনি মন্তব্য করেন, আসন্ন নির্বাচনেই সিদ্ধান্ত হবে দেশ উদার গণতান্ত্রিক পথে এগোবে, নাকি পশ্চাৎপদতার দিকে যাবে।

শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের বন্ধু, সহকর্মী ও সন্তান হাদির ওপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছি। সারাদেশে বিক্ষোভ হয়েছে। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছি।” তিনি দাবি করেন, হামলাকারী হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে, তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত একজন সন্ত্রাসী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।