সরকারি অনুদান পাওয়া ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে দেশে সরকারি অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ১ হাজার ৫১৯টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আরও কয়েক হাজার কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে দেশে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক সূত্র জানিয়েছে, মোট ১ হাজার ৫১৯টি মাদ্রাসার মধ্যে ১ হাজার ৮৯টি এমপিওভুক্ত করা হচ্ছে। প্রায় ২০০টি মাদ্রাসা ইতিমধ্যে দাখিল মাদ্রাসায় রূপান্তরিত হওয়ায় এবং আরও প্রায় ৩০০টির কাগজপত্র অসম্পূর্ণ থাকায় তাদের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এসব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।