কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ ক্যারেক্টার ডটএআই তাদের প্ল্যাটফর্মে ১৮ বছরের নিচের ব্যবহারকারীদের চ্যাটবটের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ বন্ধ করে দিয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, কিশোর ও তরুণ ব্যবহারকারীরা আর কোনো উন্মুক্ত বা সরাসরি কথোপকথনে অংশ নিতে পারবে না।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন এআই কোম্পানির ওপর কিশোরদের মানসিক সুরক্ষা ও তথ্য সুরক্ষায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
ক্যারেক্টার ডটএআই এক বিবৃতিতে জানায়, নতুন নিয়ম ২৫ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে এর আগে প্রতিষ্ঠানটি ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য আলাদা অভিজ্ঞতা চালু করবে, যেখানে চ্যাটবটকে বন্ধুত্ব বা ব্যক্তিগত আলাপচারিতার বদলে সৃজনশীল কাজে, যেমন ভিডিও বা স্ট্রিম তৈরিতে ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
অন্তর্বর্তী সময়ের জন্য সীমিত ব্যবহার নির্ধারণ করা হয়েছে—এখন ১৮ বছরের নিচের ব্যবহারকারীরা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবে। নভেম্বরের শেষে এই সময়সীমা আরও কমানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বয়স যাচাইয়ের জন্য ক্যারেক্টার ডটএআই নতুন একটি ভেরিফিকেশন টুল চালু করেছে, যা ব্যবহারকারীদের বয়স অনুযায়ী অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি, টিনএজারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি ‘এআই সেইফটি ল্যাব’ প্রতিষ্ঠা করেছে, যেখানে গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে যৌথভাবে নিরাপত্তা গবেষণা চালানো হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিয়ন্ত্রক সংস্থা, বিশেষজ্ঞ ও অভিভাবকদের উদ্বেগ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) সাতটি প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যারা ব্যবহারকারীদের চ্যাটবটকে ভার্চুয়াল সঙ্গী হিসেবে ব্যবহার করার সুযোগ দিয়েছে। এই তালিকায় মেটা, ওপেনএআই, স্ন্যাপচ্যাট ও ক্যারেক্টার ডটএআই–এর নামও রয়েছে। এফটিসির এই তদন্তের পরই নতুন সীমাবদ্ধতার ঘোষণা দেয় ক্যারেক্টার ডটএআই।
তথ্যসূত্র: এনগ্যাজেট