এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৯ অক্টোবার ২০২৫, ০৬:৪৩ পিএম • অনলাইন সংস্করণ

১০০ কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা'

১০০ কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা'

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া।  


মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে শুরু করে ঘূর্ণিঝড়টি। ভারতীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এনডিটিভি ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ঝড়টি স্থলভাগে প্রবেশের পর উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।  


আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘মোন্থা’ বর্তমানে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে কাকিনাড়া সংলগ্ন এলাকা অতিক্রম করবে। এরপর মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী অঞ্চল দিয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভূমিতে আছড়ে পড়বে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।  


ঝড়ের কারণে মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিট থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সাতটি জেলায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্ধ্রপ্রদেশের মোট ২২টি জেলার অন্তত ৪০৩টি অঞ্চল ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাবে পড়বে বলে ধারণা করা হচ্ছে।  


ভারতের আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়টির বড় আঘাত হানার সম্ভাবনা না থাকলেও সতর্কতা হিসেবে উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।  


উল্লেখ্য, ‘মোন্থা’ নামটি থাই ভাষা থেকে নেওয়া, যার অর্থ ‘সুগন্ধি ফুল’।