এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৯ নভেম্বার ২০২৫, ০৫:০৫ এ এম • অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু

হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৮ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আঘাতের কারণে ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম মারা গেছেন। ন্যাশনাল গার্ডের আহত আরেক সদস্য, ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফের অবস্থা আশঙ্কাজনক।

গত বুধবার স্থানীয় সময় বেলা সোয়া দুইটার দিকে হোয়াইট হাউসের কাছে ফারাগুট স্কয়ারে খুব কাছ থেকে ওই দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়। হামলায় জড়িত সন্দেহে রহমানুল্লাহ লাকানওয়াল (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সংঘর্ষের সময় সন্দেহভাজন হামলাকারীও গুলিবিদ্ধ হন এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

থ্যাঙ্কসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প সারাহ বেকস্ট্রমের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, "গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ডের একজন সারাহ বেকস্ট্রম আর আমাদের মধ্যে নেই। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও অসাধারণ মানুষ।" পরে ট্রাম্প সারাহর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিবিসি নিউজকে জানিয়েছেন।

সারাহ বেকস্ট্রম ২০২৩ সালের ২৬ জুন ন্যাশনাল গার্ডে যোগ দেন এবং তিনি ওয়েস্ট ভার্জিনিয়া আর্মি ন্যাশনাল গার্ডের ৮৬৩তম মিলিটারি পুলিশ কোম্পানিতে নিযুক্ত ছিলেন। ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস সারাহ বেকস্ট্রমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

ঘটনার দিন সেভেনটিনথ ও আই স্ট্রিট মোড়ে সারাহ বেকস্ট্রম এবং অ্যান্ড্রু উলফ টহল দিচ্ছিলেন। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী তিন ন্যাশনাল গার্ড সদস্যের দিকে এগিয়ে যান এবং রক্ষীরা তাকে খেয়াল করার আগেই গুলি ছোড়া শুরু করেন। হামলাকারী প্রথমে একজন এবং পরে আরেকজনকে গুলি করেন।