ঢাকা অফিস • প্রকাশিত: ৩০ ডিসেম্বার ২০২৫, ০৮:২৭ এ এম • অনলাইন সংস্করণ

হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে গেলেন তারেক রহমান

হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে গেলেন তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত ১০টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। লন্ডন থেকে দেশে ফেরার পর এটি তার তৃতীয় দফায় হাসপাতালে আসা। এর আগে গত বৃহস্পতিবার এবং শনিবারও তিনি মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

তারেক রহমান ছাড়াও সোমবার দিনভর পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে খালেদা জিয়ার পাশে ছিলেন। সকালে, বিকেলে ও রাতে বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান হাসপাতালে অবস্থান করেন। এছাড়া খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার এবং নাতনি জাইমা রহমান ও জাহিয়া রহমানও হাসপাতালে উপস্থিত ছিলেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। এসএসএফ, পিজিআর, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে কড়া নজরদারি চালাচ্ছেন। হাসপাতালের প্রধান ফটকে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পাশেই সিএসএফ সদস্যরা মোতায়েন রয়েছেন।