ঢাকা অফিস • প্রকাশিত: ২৩ অক্টোবার ২০২৫, ১০:৫২ পিএম • অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে পর্যটক নিয়ন্ত্রণে নতুন ১২ দফা নির্দেশনা, ফেব্রুয়ারিতে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ

সেন্টমার্টিনে পর্যটক নিয়ন্ত্রণে নতুন ১২ দফা নির্দেশনা, ফেব্রুয়ারিতে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ

পর্যটকদের নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ ও অবস্থান নিয়ে নতুন করে ১২ দফা নির্দেশনা জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বুধবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা এ নির্দেশনা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী নভেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় দ্বীপ ভ্রমণ করতে পারবেন, তবে রাত কাটানো যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত সংখ্যক পর্যটককে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে। আর ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটককে দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী, পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কোনো নৌযান সেন্টমার্টিনে চালাতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকতে হবে। এসব ব্যতীত টিকিট অবৈধ গণ্য হবে।

দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি আয়োজন, কিংবা কেয়া বনে প্রবেশ ও ফল সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক ও ঝিনুকসহ জীববৈচিত্র্যের কোনো ক্ষতি করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সৈকতে মোটরসাইকেল, সীবাইক বা যেকোনো ধরনের মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে দ্বীপে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য যেমন চিপসের প্যাকেট, স্ট্র, প্লাস্টিক বোতল ইত্যাদি বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

এর পরিবর্তে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক বহন ও ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে, যাতে সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকে।