এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৭ অক্টোবার ২০২৫, ১২:৫৩ এ এম • অনলাইন সংস্করণ

সীমাহীন পাল্লার পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্টনিক’-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়া

সীমাহীন পাল্লার পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্টনিক’-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়া

রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্টনিক’–এর সফল চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই এই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  


রবিবার ক্রেমলিন প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন জানান, ক্ষেপণাস্ত্রটির নির্ধারক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি এখন রুশ সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তির প্রস্তুতিপর্বে রয়েছে। তিনি বলেন, ‘বুরেভেস্টনিক বিশ্বে এক অনন্য প্রযুক্তিগত উদ্ভাবন—এর পাল্লা কার্যত সীমাহীন।’


রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, ২১ অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল এবং ১৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। তার ভাষায়, “এটিই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা নয়; এটি আরও দূর পর্যন্ত যেতে সক্ষম।”  


২০১৮ সালে পুতিন প্রথমবার এই প্রকল্পের ঘোষণা দেন। তার দাবি ছিল, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এমন পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। সাত বছর পর সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো ‘বুরেভেস্টনিক’-এর সফল পরীক্ষার মাধ্যমে।  


রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে অনুষ্ঠিত একটি পারমাণবিক মহড়ার সঙ্গে এই পরীক্ষাটি ছিল রাশিয়ার শক্তি প্রদর্শনের অংশ। বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উদ্দেশে পুতিনের একটি কৌশলগত বার্তা—রাশিয়া এখনো বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতায় প্রভাবশালী অবস্থানে আছে এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার করবে না।  


রাশিয়া দাবি করছে, এই ক্ষেপণাস্ত্র বর্তমান ও ভবিষ্যতের যেকোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। সীমাহীন পাল্লা ও অনির্দেশ্য উড্ডয়নের ক্ষমতার কারণে একে কার্যত 'অজেয় অস্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন।  


পুতিন এক পর্যায়ে বলেন, “রাশিয়ান বিশেষজ্ঞরা একসময় মনে করতেন এই অস্ত্র বাস্তবে তৈরি হওয়া অসম্ভব, কিন্তু আমরা তা সম্ভব করেছি।”  


ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রধান দুটি তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার সম্ভাবনাও নাকচ করেছেন। তবুও ক্রেমলিনের আলোচক কিরিল দিমিত্রিভ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সীমিত যোগাযোগ বজায় রাখছেন।  


রাশিয়ার এই সফল পরীক্ষা এমন সময় এলো, যখন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত এবং মস্কোর বাহিনী ধীরে ধীরে নতুন এলাকা দখল করছে। শনিবার রাতে কিয়েভে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত হন, অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও একজন আহত হন।  


সামরিক বিশ্লেষকদের মতে, ‘বুরেভেস্টনিক’–এর সফল পরীক্ষা বিশ্বব্যাপী নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বার উন্মোচন করেছে, যা ভূরাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।  

সূত্র: রয়টার্স