বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ জানান, খালেদা জিয়া গত ২৭ তারিখ থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন। তিনি বলেন, “তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অথবা যদি বলি, ডাক্তারদের পরামর্শ মেইন্টেইন করতে পারছেন।”
এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সার্বক্ষণিক দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে তার মায়ের চিকিৎসার খোঁজখবর রাখছেন বলে জানান ডা. জাহিদ।
সংবাদ সম্মেলনে ডা. জাহিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়ায় হয়তো এ যাত্রায় বেগম জিয়া সুস্থ হয়ে যাবেন।
বিএনপি চেয়ারপার্সন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত রাত থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের দুই দিকে ব্যারিকেড বসানো দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি রয়েছে। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না। হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতেই পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।