ঢাকা অফিস • প্রকাশিত: ১৭ ডিসেম্বার ২০২৫, ১১:৪৪ পিএম • অনলাইন সংস্করণ

সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

নিরাপত্তা শঙ্কার মুখে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছে ভারতীয় হাইকমিশন। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টার পর থেকে আর কোনো কার্যক্রম চলবে না।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যেসব আবেদনকারীর আজ ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সময় নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। মূলত চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্যের মার্চ টু হাইকমিশন কর্মসূচিকে কেন্দ্র করেই এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শেখ হাসিনাসহ দায়ী ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বিকেল ৩টায় রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে এই পদযাত্রা শুরুর কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাফেরায় নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস। রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় মার্কিন নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার দুই দিনের মাথায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধের এই ঘোষণা এল।