রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। আগুন নেভাতে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পাশাপাশি উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে বিজিবির দুই প্লাটুন সদস্য।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ জানিয়েছেন, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট, নৌবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে।’
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল নিজে ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, ‘ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও অন্যান্য সংস্থা একযোগে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।’