ঢাকা অফিস • প্রকাশিত: ২৮ অক্টোবার ২০২৫, ১২:৪৭ এ এম • অনলাইন সংস্করণ

শাপলা’ প্রতীক বিধিমালায় নেই, বরাদ্দের সুযোগ নেই: ইসি সচিব

শাপলা’ প্রতীক বিধিমালায় নেই, বরাদ্দের সুযোগ নেই: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিদ্যমান বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় কোনো দল বা প্রার্থীকে এ প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। কমিশন প্রয়োজনে নিজস্ব বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘শাপলা প্রতীক নিয়ে কমিশনের অবস্থান শুরু থেকেই পরিষ্কার। বিধিমালায় এ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাবও কমিশনের কাছে আসেনি, তাই কমিশন আগের সিদ্ধান্তেই অটল রয়েছে।’

আরপিও (নির্বাচন আইন) সংশোধন প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, ‘কমিশন সংশোধনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়নি, তাই অনুমাননির্ভর মন্তব্য করা ঠিক হবে না।’

তিনি ব্যাখ্যা করেন, আরপিও প্রস্তাবনাগুলো কমিশন পাঁচটি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, ভাষাগত বা সংখ্যাগতভাবে সংশোধনযোগ্য, রাজনৈতিক ঐকমত্য ছাড়া অসম্ভব, বিদ্যমান আইনে নির্ধারিত এবং কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।

তিনি শেষে বলেন, ‘কমিশনের লক্ষ্য একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। তাই আইন ও বিধিমালার কাঠামোর মধ্যেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।’