ঢাকা অফিস • প্রকাশিত: ২২ অক্টোবার ২০২৫, ১২:১৫ পিএম • অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ নির্বাচনে দৃঢ় ইউনূস, প্রশাসনে রদবদল তার তত্ত্বাবধানে

শান্তিপূর্ণ নির্বাচনে দৃঢ় ইউনূস, প্রশাসনে রদবদল তার তত্ত্বাবধানে

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম যোদ্ধাদের বেছে নেওয়া হবে। প্রশাসনে রদবদলের বিষয়টি সম্পূর্ণ আমার তত্ত্বাবধানে থাকবে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, বিতর্কিত কর্মকর্তা—বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের আসন্ন নির্বাচনে দায়িত্ব থেকে বিরত রাখার জন্য। পাশাপাশি প্রশাসনে রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ জানান তারা।

প্রধান উপদেষ্টা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় পরিবর্তন সরাসরি তার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাযথ স্থানে নিয়োগ দেওয়া হবে।

তিনি বিএনপি নেতাদের আশ্বস্ত করে বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা কিছু প্রয়োজন, সবই করা হবে।”