বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামি মতাদর্শভিত্তিক দলগুলোর পুনরালোচনা হঠাৎ কোনো আকস্মিক ঘটনা নয় বরং এটি দীর্ঘদিনের এক সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক প্রবাহের ফল। এই আলোচনার কেন্দ্রে ইসলাম নিজেই। যাকে একদিকে দলীয় রাজনীতির হাতিয়ার হিসেবে দেখানো হয়, অন্যদিকে ভয়ের প্রতীক বানানো হয়। এই দ্বিমুখী বিকৃতি সাধারণ মানুষের মনে গভীর বিভ্রান্তি সৃষ্টি করেছে। বাস্তবতা হলো, ইসলাম কোনো দল নয়, কোনো নির্বাচনী প্রতীকও নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যার আকিদাগত ভিত্তি তৌহিদ, রিসালাত ও আখিরাত। এই মৌলিক বিশ্বাস থেকেই ইসলামের সামাজিক, নৈতিক ও রাজনৈতিক দর্শন জন্ম নেয়। সুতরাং ইসলামি দলগুলোর লক্ষ্য, আদর্শ ও গঠনতন্ত্র বিশ্লেষণ করতে হলে প্রথমেই এই মৌলিক কাঠামোটি স্পষ্টভাবে বোঝা জরুরি।
তৌহিদ মানুষের জীবনে সার্বভৌমত্বের প্রশ্নে একটি মৌলিক বিপ্লব ঘটায়। এখানে ক্ষমতার উৎস কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংখ্যাগরিষ্ঠতা নয় বরং আল্লাহ। এই বিশ্বাস রাষ্ট্র ও সমাজে ক্ষমতার জবাবদিহি, ন্যায়বিচার ও সীমাবদ্ধতার ধারণা তৈরি করে। রিসালাত মানুষকে একটি নৈতিক আদর্শ দেয়। যেখানে নবী মুহাম্মদ ((স:) শুধু ধর্মীয় ব্যক্তিত্ব নন বরং ন্যায়, শাসন, সমাজ ও মানবিক সম্পর্কের পূর্ণাঙ্গ মডেল। আর আখিরাতের বিশ্বাস ক্ষমতাকে ভোগের বস্তু নয় বরং আমানত হিসেবে দেখে। ইসলামি দলগুলোর মধ্যে এই মৌলিক আকিদায় কোনো মৌলিক দ্বিমত নেই। দ্বিমত সৃষ্টি হয় এই আকিদাকে রাষ্ট্র ও সমাজে প্রয়োগের কৌশল, সময়কাল ও কাঠামো নিয়ে।
বাংলাদেশের ইসলামি দলগুলোকে একক সত্তা হিসেবে দেখার প্রবণতা মূলত গণমাধ্যম নির্মিত সরলীকরণ। বাস্তবে এসব দলের ঐতিহাসিক উৎপত্তি, সাংগঠনিক চরিত্র ও রাজনৈতিক দর্শনে বিস্তর পার্থক্য রয়েছে। কিছু দল গড়ে উঠেছে মূলত দাওয়াত, শিক্ষা ও সামাজিক সংস্কার আন্দোলনের ধারায়। তাদের কাছে রাজনীতি একটি মাধ্যম, লক্ষ্য নয়। তারা সমাজকে নৈতিকভাবে প্রস্তুত না করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ধারণাকে ঝুঁকিপূর্ণ মনে করে। ফলে তাদের গঠনতন্ত্রে ইসলামী রাষ্ট্রের কথা থাকলেও, তা বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তন, গণসচেতনতা ও নৈতিক সংস্কারকে পূর্বশর্ত হিসেবে উল্লেখ করা হয়।
অন্যদিকে কিছু ইসলামি দল সরাসরি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের গঠনতন্ত্রে নির্বাচনী রাজনীতি, সংসদীয় কাঠামো ও রাষ্ট্রক্ষমতায় অংশগ্রহণকে ইসলামী আদর্শ বাস্তবায়নের প্রধান উপায় হিসেবে দেখা হয়। তারা সংবিধান, আইনসভা ও প্রশাসনিক কাঠামোর ভেতর থেকেই ধাপে ধাপে ইসলামী মূল্যবোধ সংযোজনের কথা বলে। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষণীয়। কেউ শরিয়াহকে তাৎক্ষণিক রাষ্ট্রীয় আইন হিসেবে কল্পনা করে, কেউ একে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার একটি নীতিগত কাঠামো হিসেবে ব্যাখ্যা করে, যা সময়, প্রেক্ষাপট ও জনসম্মতির সঙ্গে বিকশিত হবে।ও
আকিদাগত ঐক্যের মধ্যেও ফিকহি ও চিন্তাগত বৈচিত্র্য ইসলামি দলগুলোর পারস্পরিক পার্থক্যকে গভীর করেছে। কিছু দল নির্দিষ্ট মাযহাবি বা ধর্মীয় ধারার সঙ্গে সুস্পষ্টভাবে যুক্ত। তাদের দাওয়াতি ভাষা, সামাজিক আচরণ ও রাজনৈতিক বক্তব্যেও সেই ঐতিহ্যের ছাপ স্পষ্ট। আবার কিছু দল তুলনামূলকভাবে বিস্তৃত ছাতার নিচে কাজ করতে চায়, যেখানে নির্দিষ্ট ফিকহি পরিচয়ের চেয়ে রাজনৈতিক ঐক্য, সামাজিক ন্যায় ও রাষ্ট্রীয় সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়। এই পার্থক্যকে গণমাধ্যম প্রায়ই ‘চরমপন্থা’ বনাম ‘মধ্যপন্থা’ নামে সরলীকরণ করে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ইসলামী চিন্তার অভ্যন্তরীণ বৈচিত্র্যকে অস্বীকার করে।
নির্বাচনী সমঝোতা ও জোট রাজনীতি ইসলামি দলগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিভাজন তৈরি করেছে। কেউ এটিকে সময়ের বাস্তবতা ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থে অপরিহার্য মনে করে, আবার কেউ মনে করে এতে আদর্শিক স্বচ্ছতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। এই বিতর্ক ইসলামী রাজনৈতিক চিন্তার ইতিহাসে নতুন নয়। নবী ((স:) এর মদিনা সনদ থেকে শুরু করে পরবর্তী ইসলামী শাসনব্যবস্থায়ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে মতভেদ ছিল। সুতরাং আজকের ইসলামি দলগুলোর মধ্যকার এই মতপার্থক্যকে আকিদাগত বিচ্যুতি হিসেবে দেখানো একটি বুদ্ধিবৃত্তিক অসততা।
বাংলাদেশের গণমাধ্যম এই প্রসঙ্গে একটি গুরুতর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। ইসলাম সম্পর্কে মৌলিক ধারণার অভাবে। যেমন তৌহিদ ও ধর্মনিরপেক্ষতার পার্থক্য, শরিয়াহ ও হুদুদের তফাৎ, ইসলামি রাষ্ট্র ও ধর্মীয় শাসনের ভিন্নতা। এই বিষয়গুলো না বুঝেই সংবাদ, বিশ্লেষণ ও টকশো পরিচালিত হয়। অনেক ক্ষেত্রে সচেতন ইসলামবিদ্বেষ এই অজ্ঞতার সঙ্গে যুক্ত হয়ে ইসলামি রাজনীতিকে সহিংসতা, পশ্চাৎপদতা বা রাষ্ট্রবিরোধিতার সঙ্গে গুলিয়ে ফেলে। ফলে সাধারণ মানুষ তথ্য নয়, ভয় পায়। বোঝাপড়া নয়, সন্দেহ পোষণ করে।
সোশ্যাল মিডিয়া এই বিভ্রান্তিকে আরও বিস্তৃত করেছে খণ্ডিত বক্তব্য, বিদেশি প্রেক্ষাপটের ভিডিও, যাচাইহীন ফতোয়া ও আবেগী স্লোগান। সব মিলিয়ে একটি বিশৃঙ্খল বয়ান তৈরি হয়েছে, যেখানে ইসলাম তার নৈতিক ও মানবিক গভীরতা হারিয়ে ফেলছে। অথচ ইসলামের রাজনৈতিক দর্শনের মূল কথা ক্ষমতা দখল নয় বরং ক্ষমতাকে ন্যায় ও জবাবদিহির অধীনে আনা। দুর্বলদের অধিকার রক্ষা করা; ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে মানুষের মর্যাদা নিশ্চিত করা।
এই বাস্তবতায় সাধারণ মানুষের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো ইসলামের মৌলিক ধারণা সম্পর্কে স্বচ্ছ ও সঠিক জ্ঞান অর্জন। ইসলাম কেবল ইবাদতের ধর্ম নয়, আবার কেবল রাষ্ট্রক্ষমতার তত্ত্বও নয়। এটি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব স্তরে নৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সামগ্রিক দর্শন। ইসলামি দলগুলোর মূল্যায়নও সেই আলোকে হওয়া উচিত। কে কতটা এই নৈতিক দর্শন ধারণ করছে, কে কতটা স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে তা বাস্তব রাজনৈতিক কাঠামোর মধ্যে প্রয়োগের চেষ্টা করছে।
সব ইসলামি দল এক নয়, যেমন সব ধর্মনিরপেক্ষ দলও এক নয়। পার্থক্য আছে, সীমাবদ্ধতা আছে, ভুলও আছে। কিন্তু সেই পার্থক্য বোঝার জন্য প্রয়োজন গবেষণা, তুলনা ও সততা। ইসলাম ও ইসলামি রাজনীতিকে যদি দলীয় স্লোগান বা ভয়ের প্রতীক বানিয়ে ফেলা হয়, তাহলে ক্ষতি হবে সমাজের, গণতন্ত্রের এবং ইসলামের নিজেরই। বাংলাদেশের ভবিষ্যৎ যদি ন্যায়, মানবিকতা ও স্থিতিশীলতার দিকে এগোতে চায়, তবে ইসলামি দলগুলোকে বুঝতে হবে তথ্যের আলোয়, বিদ্বেষের ছায়ায় নয়।