এখন সময় ডেস্ক • প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম • অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি ভেঙে ফের সংঘাতে যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ ঘিরে নতুন উত্তেজনা

যুদ্ধবিরতি ভেঙে ফের সংঘাতে যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ ঘিরে নতুন উত্তেজনা

মধ্যপ্রাচ্যে আবারও তীব্র সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। রোববার উভয় দেশ একে অপরের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাতের জেরে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। তবে মার্কিন বাহিনীর দাবি, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।

রয়টার্স ও আলজাজিরার খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। তেহরানের অভিযোগ, ওমান সরকারের সহযোগিতায় যুক্তরাষ্ট্র প্রণালির দক্ষিণাংশে একটি অননুমোদিত নৌপথ চালুর চেষ্টা করছে এবং হামলার শিকার জাহাজটি সেই পথ ব্যবহার করছিল। জাহাজে থাকা ১১ ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন।

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা তৃতীয় দফার সামরিক অভিযান শুরু করেছে। গত তিন রাতে ইরানের অন্তত ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বুশেহর প্রদেশের সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালির নজরদারির জন্য গুরুত্বপূর্ণ জাস্ক শহরের বিভিন্ন এলাকা। এসব স্থানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত

যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা হামলা শুরু করে। জর্ডান, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়।

আইআরজিসির দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটির মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। এছাড়া কাতারের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, কুয়েতের কৌশলগত রাডার স্থাপনা এবং ওমানের মুসান্দাম ও আল-বাতিনাহ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর লজিস্টিক সাপোর্ট কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। যদিও সেন্টকমের দাবি, আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

ভেঙে গেল সমঝোতা, চলছে কূটনৈতিক চেষ্টা

সাম্প্রতিক এই সংঘাতের মধ্য দিয়ে গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান অন্তর্বর্তী সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

ইরানের প্রধান আলোচনাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “একতরফা চুক্তির যুগ শেষ। প্রতিশ্রুতি রক্ষা করুন, নইলে তার মূল্য দিতে হবে।”

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাতার, ওমান ও পাকিস্তান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। শনিবার রাতে ওমানের রাজধানী মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সম্ভাব্য সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে।