ইতালির রাজধানী রোমে আসন্ন কূটনৈতিক বৈঠককে সামনে রেখে দক্ষিণ লেবাননে একটি ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে স্থগিত করেছে ইসরাইল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, আগামী সপ্তাহে রোমে লেবানন ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের অনুকূল পরিবেশ তৈরি এবং সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া ঠেকাতেই অভিযান স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।
তবে স্থগিত করা সামরিক অভিযানের ধরন, সংশ্লিষ্ট এলাকা কিংবা সেনা প্রত্যাহারের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, সীমান্তে উত্তেজনা প্রশমিত করা এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি এগিয়ে নেওয়ার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় ইসরাইলের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।