রাজধানীর মতিঝিল ও উত্তরা-উত্তর প্রান্ত থেকে যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রোরেলের সময়সূচি এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন এই সময়সূচি আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রীদের সুবিধা বাড়ানোর অংশ হিসেবে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছেড়ে যেত সকাল ৭টা ১০ মিনিটে। উত্তরা-উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টার পরিবর্তে রাত সাড়ে ৯টায়।
অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন চলবে সকাল সোয়া ৭টায় (আগে ছিল সকাল সাড়ে ৭টা)। সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে, যা আগে ছিল রাত সাড়ে ৯টা।
তবে শুক্রবারের সময়সূচিতে কোনো পরিবর্তন আসেনি। ওই দিনে উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায় এবং শেষ ট্রেন রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে, আর শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।