ঢাকা অফিস • প্রকাশিত: ১৫ অক্টোবার ২০২৫, ০৮:৩৭ পিএম • অনলাইন সংস্করণ

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি সাততলা ভবন। আগুন লাগে চতুর্থ তলায় এবং দ্রুত পাশের কেমিক্যাল গুদামেও ছড়িয়ে পড়ে। গার্মেন্টস অংশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গোডাউনের আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে।

দমকলকর্মীদের তথ্যমতে, উদ্ধার হওয়া ১৬ জনের মরদেহ গার্মেন্টস ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। সব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তালহা বিন জসিম বলেন, “ভবনটির ছাদ বন্ধ থাকায় কেউ উপরে উঠতে পারেননি। সে কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে।”

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে নিখোঁজদের খোঁজে ছুটে আসেন স্বজনরা। কেউ কেউ নিখোঁজদের ছবি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। দুর্ঘটনাকবলিত ভবন ও আশপাশের এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও সিআইডির ক্রাইম সিন ইউনিট ও কেমিক্যাল ল্যাব এক্সপার্টরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।