এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৬ অক্টোবার ২০২৫, ০৬:৩৯ এ এম • অনলাইন সংস্করণ

মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচি ঝুঁকিতে, নভেম্বরে সুবিধা বন্ধের আশঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচি ঝুঁকিতে, নভেম্বরে সুবিধা বন্ধের আশঙ্কা

মার্কিন কৃষি বিভাগ (USDA) জানিয়েছে, চলমান সরকারি অচলাবস্থা অব্যাহত থাকলে তারা ছয় বিলিয়ন ডলারের জরুরি তহবিল ব্যবহার করে আগামী মাসের খাদ্য কুপন (ফুড স্ট্যাম্প) সুবিধা প্রদান করবে না। এতে করে প্রায় ৪ কোটি ২০ লাখ আমেরিকান নভেম্বর মাসে ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (SNAP) থেকে খাদ্য সহায়তা নাও পেতে পারেন, যদি না সংস্থা তাদের অবস্থান পরিবর্তন করে।

শুক্রবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “হ্যাঁ, সবাই ভালো থাকবে।” তবে তিনি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। ট্রাম্পের মন্তব্য কৃষি বিভাগের মেমোর বিপরীত, যেখানে বলা হয়েছে জরুরি তহবিল নিয়মিত সুবিধা প্রদানে আইনত ব্যবহার করা যাবে না।

মেমোতে উল্লেখ করা হয়, SNAP-এর জরুরি তহবিল কেবল তখনই ব্যবহারযোগ্য, যখন নিয়মিত মাসিক বরাদ্দ যথেষ্ট নয়। কিন্তু ২০২৬ অর্থবছরের জন্য বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় এই তহবিল ব্যবহার করা সম্ভব নয়। এছাড়া রাজ্য সরকারগুলো নিজস্ব অর্থে এই সুবিধা প্রদান করলে, USDA তাদের ক্ষতিপূরণও দেবে না।

এই পরিস্থিতিতে কংগ্রেসের ওপর চাপ আরও বেড়েছে যাতে তারা দ্রুত সরকারি ব্যয় বিল পাস করে অচলাবস্থা দূর করে। ডেমোক্র্যাটরা বলছেন, তারা কোনো স্বল্পমেয়াদি বাজেট প্রস্তাবে সমর্থন দেবেন না, যদি তাতে স্বাস্থ্যবিমা ভর্তুকির মেয়াদ না বাড়ানো হয়। অন্যদিকে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের দোষারোপ করে বলছেন, তারাই জনগণকে ভোগান্তিতে ফেলছেন। কৃষিমন্ত্রী ব্রুক রলিনস গত সপ্তাহে সাংবাদিকদের জানান, মাস শেষের আগেই ফুড স্ট্যাম্পের অর্থ শেষ হয়ে যাবে।

USDA রাজ্যগুলোকে আগেই সতর্ক করেছিল, নভেম্বর মাসে পূর্ণ সুবিধা প্রদানের মতো পর্যাপ্ত অর্থ নেই এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থ বিতরণ স্থগিত রাখতে বলা হয়।

তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও SNAP সমর্থকরা বলছেন, USDA আইনি দায়িত্ব হিসেবে জরুরি তহবিল ব্যবহার করে নভেম্বর মাসের সুবিধা দিতে পারে। তাদের ধারণা, প্রায় আট বিলিয়ন ডলার প্রয়োজন হবে এই সহায়তা চালু রাখতে। তারা অভিযোগ করছেন, প্রশাসন নিজেদের অগ্রাধিকারমূলক প্রকল্পে যেমন সেনাদের বেতন প্রদানের জন্য বিকল্প অর্থ ব্যবহার করেছে, তেমনি এখানেও তা করা উচিত।

‘সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিস’-এর প্রেসিডেন্ট শ্যারন প্যারট বলেন, “কৃষিমন্ত্রীর দাবি সম্পূর্ণ ভুল। বাস্তবে প্রশাসন আইনি বাধ্যবাধকতা অনুযায়ী জরুরি তহবিল ব্যবহার করতে পারে, যা এখনো বিদ্যমান এবং কংগ্রেসের অনুমোদিত।”

USDA-র আগের একটি পরিকল্পনায় বলা হয়েছিল, কংগ্রেসের উদ্দেশ্য স্পষ্ট—SNAP কার্যক্রম চলমান রাখা। অর্থবছরের মাঝামাঝি কোনো ব্যয় স্থগিত হলে জরুরি তহবিল ব্যবহার করে সুবিধা প্রদান করা যেতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতি আটজন নাগরিকের একজন SNAP-এর মাধ্যমে খাদ্য সহায়তা পাচ্ছেন। এই কর্মসূচি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যেখানে প্রতি ব্যক্তি গড়ে মাসে ১৮৮ ডলার করে পান।

এই অচলাবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা কর্মসূচি ‘উইক’ (WIC)–ও অর্থ সংকটে পড়েছিল, যা গর্ভবতী নারী, নবজাতক ও ছোট শিশুদের সহায়তা দেয়। তবে প্রশাসন শিশুখাদ্য কর্মসূচির তহবিল থেকে ৩০ কোটি ডলার সরিয়ে এনে সাময়িকভাবে এটি চালু রাখে, যা চলতি মাসের শেষ পর্যন্ত পর্যাপ্ত বলে জানিয়েছে ন্যাশনাল উইক অ্যাসোসিয়েশন।

এই প্রথম নয়, ফুড স্ট্যাম্প কর্মসূচি আগে shutdown-এর সময়ও ঝুঁকিতে পড়েছিল। ২০১৮ সালের শেষের দিকে দীর্ঘতম সরকারি অচলাবস্থায় USDA জানিয়েছিল, জানুয়ারির শেষে সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। পরে তারা বিশেষ আইনি বিধান ব্যবহার করে ফেব্রুয়ারি মাসের অর্থ প্রদান নিশ্চিত করে, যদিও অচলাবস্থা শেষ হওয়ায় তা প্রয়োগ করতে হয়নি।

তথ্যসূত্র: সিএনএন