ঢাকা অফিস • প্রকাশিত: ২০ ডিসেম্বার ২০২৫, ০৯:২৭ পিএম • অনলাইন সংস্করণ

মানবিক দৃষ্টিভঙ্গি থেকে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে: সংসদীয় কমিটির রিপোর্ট

মানবিক দৃষ্টিভঙ্গি থেকে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে: সংসদীয় কমিটির রিপোর্ট

ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির একটি সংসদীয় কমিটি। বৃহস্পতিবার কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি ভারতের সংসদে একটি বিশেষ প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে মূলত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। ভারতের দীর্ঘকালীন ঐতিহ্য ও পরম্পরাকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সরকার।

সংসদীয় কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, অস্তিত্বের হুমকিতে থাকা বা গুরুতর সংকটে পড়া ব্যক্তিদের আশ্রয় প্রদান করা ভারতের একটি প্রাচীন মূল্যবোধ। এই মানবিক ঐতিহ্যের আলোকেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার রাজনৈতিক তৎপরতা নিয়ে প্রতিবেদনে বিশেষ আলোকপাত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার সময় জানান যে, শেখ হাসিনা বর্তমানে তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন। তবে ভারত সরকার তাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম বা কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়নি।

প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন এবং আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করছেন। এদিকে, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। ভারতের এই সংসদীয় প্রতিবেদনের মধ্য দিয়ে হাসিনাকে আশ্রয় দেওয়ার পেছনে তাদের নৈতিক ও ঐতিহ্যগত অবস্থানটিই মূলত ফুটে উঠেছে।