এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৪ ডিসেম্বার ২০২৫, ০৬:৪০ এ এম • অনলাইন সংস্করণ

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক তথ্যকেন্দ্র ইনসাইড দ্য হারামাইন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার ২৩ ডিসেম্বর ফজর নামাজের পর মসজিদে নববীতেই তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীতে সুমধুর কণ্ঠে আজান দিয়ে আসছিলেন, যা বিশ্বের লাখো মুসল্লির হৃদয়ে জায়গা করে নিয়েছিল।

পারিবারিক ঐতিহ্য অনুযায়ী শেখ ফয়সাল নোমান এই সম্মানিত পেশায় যুক্ত হয়েছিলেন। তার দাদাও মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি তার বাবা মাত্র ১৪ বছর বয়সে এই পবিত্র কাজে নিযুক্ত হয়েছিলেন। শেখ ফয়সাল নোমান নিজে ২০০১ খ্রিষ্টাব্দে (১৪২২ হিজরি) মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান এবং টানা প্রায় ২৫ বছর এই দায়িত্ব পালন করেন।

তার এই দীর্ঘ সময়ে ধর্মীয় নিষ্ঠা এবং সেবার কথা স্মরণ করে বিভিন্ন দেশের আলেম ও ধর্মপ্রাণ মুসলমানরা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি কেবল একজন মুয়াজ্জিন ছিলেন না, বরং বংশপরম্পরায় নববী মসজিদের খেদমতে নিয়োজিত এক নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন।