ভারতের তেলেঙ্গানা রাজ্যে নতুন অধ্যায় রচনা করলেন সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার (৩১ অক্টোবর) রাজভবনে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মার কাছে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ. রেভান্ত রেড্ডি, মন্ত্রিসভার সদস্য এবং কংগ্রেসের সিনিয়র নেতারা। সংবিধান অনুযায়ী তেলেঙ্গানায় সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকতে পারেন। আজহারউদ্দিন মন্ত্রিসভায় যুক্ত হওয়ায় এখন মন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬। উল্লেখযোগ্যভাবে, তিনিই বর্তমান মন্ত্রিসভার একমাত্র মুসলিম প্রতিনিধি।
১১ নভেম্বর রাজ্যের জুবিলি হিলস বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আজহারউদ্দিনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা কংগ্রেসের রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে। কারণ ওই আসনে প্রায় ৩ লাখ ৯০ হাজার ভোটারের মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজারই মুসলিম ভোটার। বিশ্লেষকদের মতে, আজহারউদ্দিনের মন্ত্রী হওয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের প্রতি সমর্থন আরও দৃঢ় করতে পারে।
অন্যদিকে বিজেপি অভিযোগ তুলেছে, সংখ্যালঘু ভোটকে লক্ষ্য করে কংগ্রেস রাজনৈতিক তোষণের পথে হাঁটছে। উপনির্বাচনে প্রধান তিন দলের প্রার্থীরা হলেন—ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর মাগন্তী সুনীতা (প্রয়াত গোপীনাথের স্ত্রী), কংগ্রেসের বল্লালা নবীন যাদব এবং বিজেপির লঙ্কালা দীপক রেড্ডি।
মন্ত্রী পদে শপথ নেওয়ার পর আজহারউদ্দিন বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। দলের শীর্ষ নেতৃত্ব, সাধারণ মানুষ ও আমার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার মন্ত্রী হওয়া ও জুবিলি হিলসের উপনির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক নেই—এ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।”
তিনি আরও যোগ করেন, “আমাকে যে দায়িত্বই দেওয়া হোক, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে নিপীড়িত মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই।”